‘বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবছে’

অনলাইন ডেস্ক

ডারউইন টেস্টের জয়ে বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে এই জয় যে ফ্লুক নয়, ধারাবাহিক পারফরম্যান্সের ফল- এর সাক্ষ্য দিচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল। যেখানে টাইগাররা আছে ৪ নম্বরে, আছে ফাইনালের দৌড়ে। আর শান্তর দল এখন সেই ফাইনালের স্বপ্নই দেখছে।

এমনটাই জানিয়েছেন জাতীয় দলের তারকা পেসার ও ডারউইন জয়ের নায়ক হাসান মাহমুদ। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ঘরের মাঠে বাকি চারটি টেস্ট জিততে পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা যেহেতু আছে, তাই ফাইনাল নিয়ে ভাবতেই পারে বাংলাদেশ।

হাসানের মতে, সাম্প্রতিক সময়ে দলের পরিবেশ ও মানসিকতায় বড় পরিবর্তন এসেছে। তার বিশ্বাস, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্ব ক্রিকেটে নিজেদের প্রভাব আরও বাড়াতে পারবে বাংলাদেশ টেস্ট দল।

তিনি বলেন, ‘ধারাবাহিকতার হাওয়া এখন আমাদের পক্ষেই বইছে। দলের অভ্যন্তরীণ পরিবেশ ও সার্বিক চিত্রটা এমন জায়গায় এসেছে, যেখানে বিশ্ব টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন নিজের প্রভাব বিস্তার করতে প্রস্তুত।‘

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ আগে নিজেদের প্রত্যাশিত জায়গায় নিতে পারেনি বলেও স্বীকার করেছেন হাসান। তবে এখন সেই পরিস্থিতি বদলেছে বলে মনে করেন তিনি। ফাইনাল নিয়ে বলেছেন, ‘আগে আমরা টেস্টে সেভাবে রাজত্ব করতে পারিনি, তবে এখন সেই সময়টা এসেছে। ঘরের মাঠে বাকি চারটি ম্যাচ জিততে পারলে, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলব না কেন? বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে ভাবনাটা এখন সেখানেই পৌঁছে গেছে।‘

নিয়মিত টেস্ট খেলার মধ্য দিয়ে দলের মানসিকতায়ও পরিবর্তন এসেছে বলে মনে করেন হাসান। একইসাথে বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতিও বিশ্ব ক্রিকেটে স্বীকৃতি পাচ্ছে বলে তার দাবি।

‘আমরা যখন থেকে নিয়মিত খেলা শুরু করেছি, তখন থেকেই দলের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে। বিশ্ব ক্রিকেটও এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশেও বৈশ্বিক মানের পেসার উঠে আসছে।‘

এছাড়াও নিজের বোলিং নিয়েও কথা বলেছেন হাসান। প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখতে তার পরিকল্পনা ছিল এক জায়গায় ধারাবাহিকভাবে বোলিং করা এবং শর্ট বল-বাউন্সার দিয়ে পরীক্ষা নেওয়া- এভাবেই সাফল্য কুড়িয়েছেন ডারউইন টেস্টে।

তিনি বলেন, ‘আমার কাজ ছিল কেবল নিখুঁত জায়গায় বোলিং করে যাওয়া এবং কোনো অবস্থাতেই রান করার সুযোগ না দেওয়া। শর্ট বল ও বাউন্সার দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার পরিকল্পনাতেই অনড় ছিলাম। রান হলে হবে, তা নিয়ে ভাবিনি।‘

টেস্টে উন্নতির পেছনে পেস বিপ্লবের কৃতিত্ব দেখছেন জানিয়ে এই পেসার আরও বলেন, ‘টেস্টে দল হিসেবে আমাদের কতটুকু উন্নতি হয়েছে, তা স্পষ্ট। পেসাররা যদি ফিট থাকে আর ব্যাটাররা রান পেয়ে যায়, তবে খুব দ্রুতই আমরা ক্রিকেটের আরও উচ্চ স্তরে পৌঁছে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights