বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদলকর্মীকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দাম হোসেন সাদ্দাম (৩৫) নামে এক যুবককে গুলি ও গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম শহরের কান্দিপাড়ার মায়মলহাটির মোস্তফা কামাল মস্তুর ছেলে ও ছাত্রদলের সাবেক কর্মী।

সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপের লোকজন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের তিনজনকে গুলি করে আহত করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার মধ্যরাতে দিলীপ ও তার সহযোগীরা তাদের অনুসারী সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ অভিযোগ অস্বীকার করে জানান, তিনি সাদ্দামকে ডেকে নিয়ে যাননি। বরং সাদ্দাম তার সঙ্গেই ছিলেন। রাতে লায়ন শাকিল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সাদ্দাম গুলবিদ্ধ হয়ে মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কন্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লায়ন শাকিল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল। গোলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধসহ মোট ৫ জন আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights