বান্দরবান জেলা পুলিশের অভিযানে সেপ্টেম্বরে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলায় সেপ্টেম্বর মাসজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার ২৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা পুলিশ। এসব অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত জেলার বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও জেলা গোয়েন্দা শাখা পৃথক এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে ৪ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা শাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ এবং একজনকে গ্রেফতার করা হয়। ৯ সেপ্টেম্বর ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ৬০ পিস ইয়াবা, এক বোতল হুইস্কি ও এক বোতল বিয়ারসহ ৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার এবং দুজনকে গ্রেফতার করা হয়।

১০ সেপ্টেম্বর আলীকদম থানা ২৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ হাজার ১০০ টাকা উদ্ধার করে একজনকে গ্রেফতার করে। ১১ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ি থানা ২০ হাজার পিস ইয়াবা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ একজনকে গ্রেফতার করে।

১২ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ি থানার অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ এবং দুজনকে গ্রেপ্তার করা হয়। ১৪ সেপ্টেম্বর আলীকদমে ১৬৫ পিস ইয়াবা ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করে একজনকে গ্রেফতার করা হয়।

১৫ সেপ্টেম্বর ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি সবুজ রঙের তিন চাকা সিএনজি জব্দ এবং একজনকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া ২৫ সেপ্টেম্বর বান্দরবান সদর থানা ৩০ পিস ইয়াবা ও একটি স্মার্টফোনসহ একজনকে গ্রেপ্তার করে। ২৮ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ি থানা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে একজনকে গ্রেপ্তার করে। ২৯ সেপ্টেম্বর একই থানার অভিযানে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

পুলিশ জানায়, ইয়াবার পাশাপাশি সেপ্টেম্বর মাসে দেশীয় তৈরি চোলাই মদও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১ সেপ্টেম্বর লামার ফাইতং পুলিশ ফাঁড়ি ৩০ লিটার চোলাই মদসহ দুজনকে গ্রেপ্তার করে। ১৮ সেপ্টেম্বর বান্দরবান সদর থানা ৪২ লিটার এবং ২২ সেপ্টেম্বর লামা থানা ৩৬ লিটার চোলাই মদ উদ্ধার করে। এসব ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর মাসে মোট ১ লাখ ৫০ হাজার ২৮৩ পিস ইয়াবা, ১০৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, এক বোতল হুইস্কি ও এক বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫ লাখ ৯৪ হাজার ১০০ টাকা নগদ অর্থ, একটি প্রাইভেটকার, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি সিএনজি, দুটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব অভিযানে সর্বমোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকমুক্ত বান্দরবান গড়তে সবার সহযোগিতাও কামনা করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights