ভিক্ষার সময় বেঁধে দিয়ে মাইকিং, না মানলে জেল-জরিমানার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। তার ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না। এ নিয়ম অমান্য করলে ১৫০০ টাকা জরিমানাসহ জেল হতে পারে বলেও মাইকিং করে সতর্ক করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ফুলপুর বাজারের গোলচত্বরে হুইলচেয়ারে বসে হ্যান্ডমাইকে ভিক্ষাবৃত্তি সংক্রান্ত বিভিন্ন নিয়ম ঘোষণা করছেন মো. আনোয়ার নামের এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, হাটের দিন অর্থাৎ মঙ্গলবার ছাড়া অন্য দিনগুলোতে বাজারে যত্রতত্র ভিক্ষা করা যাবে না। সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত নিয়ম মেনে ভিক্ষা করতে হবে। কেউ এই সময়সীমা অমান্য করে বাজারে ভিক্ষা করলে তাকে ১৫০০ টাকা জরিমানা করা হবে। পাশাপাশি তিন দিনের কারাদণ্ডেরও হুঁশিয়ারি দেন তিনি।

স্থানীয় কয়েকজন ওই ব্যক্তির এমন ঘোষণা দেয়ার দৃশ্য ভিডিওতে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে একজন ব্যক্তি কীভাবে অন্য ভিক্ষুকদের জরিমানা কিংবা কারাদণ্ড দেয়ার ঘোষণা দিতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের অনেকে। তার এমন নিয়ম প্রণয়ন ও শাস্তি দেয়ার ক্ষমতার এখতিয়ার নিয়েও সংশয় প্রকাশ করেছেন তারা।

এদিকে বিষয়টি পুলিশের নজরেও এসেছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ওই ব্যক্তিকে শনাক্ত করে খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি কোন এখতিয়ারে ভিক্ষুকদের জরিমানা ও কারাদণ্ড দেয়ার ঘোষণা দিয়েছেন, তা খতিয়ে দেখা হবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights