মহাকাশে গিয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানি নভোচারী জিশান

অনলাইন ডেস্ক

প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ গিয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) তার এই ঐতিহাসিক যাত্রা একদিকে যেমন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষায় এক নতুন মাইলফলক যোগ করল, অন্যদিকে তেমনি মহাকাশ কূটনীতি সম্প্রসারণে বেইজিংয়ের প্রচেষ্টাকেও এক ধাপ এগিয়ে নিল।

এদিন উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ‘লং মার্চ-২এফ’ রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয় ‘শেনঝৌ-২৪’ মহাকাশযান। এই মহাকাশযানের তিন সদস্যের ক্রু স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে তিয়ানগং স্টেশনে পৌঁছান। মহাকাশের কক্ষপথে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক ৪০ বছর বয়সী পাইলট জিশান আলী এই অভিযানে একজন ‘পেলোড বিশেষজ্ঞ’ হিসেবে কাজ করছেন এবং তিনি স্টেশনটিতে ৫ থেকে ১০ দিন অবস্থান করবেন। নতুন এই ক্রু দল; যার নেতৃত্বে আছেন চীনা কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই—স্টেশনে প্রবেশ করলে সেখানে আগে থেকেই অবস্থানরত ‘শেনঝৌ-২৩’ মিশনের তিন নভোচারী তাঁদের উষ্ণ আলিঙ্গনে বরণ করে নেন। এই উপলক্ষে বিশেষ কেকও তৈরি করেছিলেন তাঁরা।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি-এর এক প্রতিবেদন অনুযায়ী, জিশান আলী চীনা ভাষায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “চীনের স্পেস স্টেশনে আরোহণকারী প্রথম বিদেশি ক্রু সদস্য হতে পেরে আমি অবিশ্বাস্যরকম রোমাঞ্চিত। চায়না স্পেস স্টেশন, আমি চলে এসেছি!

এই মহাকাশ যাত্রার প্রস্তুতির জন্য জিশান আলী বেইজিংয়ে টানা সাত মাস কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। এই সময়ে তিনি নিবিড়ভাবে চীনা ভাষা শিখেছেন, চীনা গান ও কবিতা চর্চা করেছেন এবং পাশাপাশি ক্যালিগ্রাফি ও টেবিল টেনিসও খেলেছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ২০৩০ সাল নাগাদ অবসরে যেতে পারে। এই প্রেক্ষাপটে চীন তাদের ‘তিয়ানগং’ (চীনা ভাষায় যার অর্থ ‘স্বর্গীয় প্রাসাদ’) স্টেশনটিকে মহাকাশে আন্তর্জাতিক সহযোগিতার একটি প্রধান কেন্দ্র হিসেবে বিশ্বের সামনে তুলে ধরছে।

চীনা নভোচারীদের সাধারণত ছয় মাস অবস্থান করেন স্টেশনটিতে, এরপরে নতুন মিশনের ক্রুরা এসে তাঁদের জায়গা নেন। সে তুলনায়, জিশান আলীর এই অবস্থানকাল অনেক সংক্ষিপ্ত হলেও, পাকিস্তানে এটি ব্যাপক আনন্দ ও উদযাপনের উপলক্ষ তৈরি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বলেন, “এটি কেবল একজন নভোচারীর যাত্রা নয়, বরং ২৪ কোটি পাকিস্তানীর যাত্রা। এটি আমাদের তরুণ প্রজন্ম, আমাদের বিজ্ঞানী এবং আমাদের স্বপ্নের যাত্রা। এটি পাকিস্তান ও চীনের মধ্যকার লৌহকঠিন বন্ধুত্বের এক প্রাণবন্ত দৃষ্টান্ত।”

এদিকে নতুন মিশনের নভোচারীরা মহাকাশ স্টেশনে প্রবেশের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পরস্পরকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

চীন ও পাকিস্তানের মধ্যে মহাকাশ সহযোগিতার ইতিহাস ১৯৯০-এর দশকের শুরুর দিক থেকে। চীন ইতোপূর্বে পাকিস্তানের বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এবং ২০২৮ সাল নাগাদ চীনের একটি চন্দ্রাভিযানে পাকিস্তানের তৈরি একটি রোভারও মহাকাশে যাওয়ার কথা রয়েছে।

মহাকাশে অবস্থানকালে জিশান আলী বেশ কিছু বৈজ্ঞানিক পরীক্ষায় সহায়তা করবেন। এর মধ্যে অন্যতম হলো, মহাকাশযানে সৃষ্টি হওয়া সূক্ষ্ম ফাটলগুলো কীভাবে ‘সেলফ-হিলিং কার্বন ফাইবার কম্পোজিট’ প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মেরামত হতে পারে, তা পর্যবেক্ষণ করা।

উৎক্ষেপণ কেন্দ্রে উপস্থিত থেকে পাকিস্তানের উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল আশা প্রকাশ করেন যে, এই ফ্লাইটটি চীনের সাথে আরও বড় পরিসরে মহাকাশ সহযোগিতার সূচনা করবে, যার মধ্যে সম্ভাব্য যৌথ চন্দ্রাভিযানও অন্তর্ভুক্ত থাকতে পারে। তিনি বলেন, “ভবিষ্যতের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সক্ষমতা অর্জনের লক্ষ্যে উন্নয়নশীল দেশগুলো কীভাবে একে অপরকে সহযোগিতা করতে পারে, এই অভিযান সেই পথই দেখিয়ে দিল।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights