ভেনেজুয়েলার অর্থনৈতিক ও মানবিক পরিস্থিতি ‘বেশ ভঙ্গুর’ : আইএমএফ

অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলার অর্থনৈতিক ও মানবিক পরিস্থিতিকে বর্তমানে ‘বেশ ভঙ্গুর’ বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দেশটিতে চলমান তিন অঙ্কের মুদ্রাস্ফীতি ও স্থানীয় মুদ্রার ভয়াবহ অবমূল্যায়নকে এই সংকটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে সংগঠনটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এ সতর্ক বার্তা দেন আইএমএফের মুখপাত্র জুলি কোজ্যাক।

সাংবাদিকদের আইএমএফের মুখপাত্র জানান, ২০১৯ সাল থেকে ভেনেজুয়েলা সরকারের সঙ্গে আইএমএফের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও সংস্থাটি দেশটির উন্নয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি স্পষ্ট করেছেন যে, পুনরায় সম্পর্ক স্থাপনের বিষয়টি সদস্য দেশগুলোর নির্দেশনা ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

২০২৬ সালে ভেনেজুয়েলার অর্থনীতি এক গভীর কাঠামোগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বছরের পর বছর ধরে চলা তীব্র মুদ্রাস্ফীতি ও জিডিপি সংকোচনের পর দেশটিতে এখন অভূতপূর্ব অস্থিরতা বিরাজ করছে। গত মাসে মার্কিন সামরিক বাহিনী কর্তৃক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন এসেছে। বর্তমানে মাদক পাচারের অভিযোগে মাদুরো মার্কিন হেফাজতে থাকলেও অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজের অধীনে ভারপ্রাপ্ত প্রশাসন দেশে স্থিতিশীলতা ও পুনরুদ্ধারের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।

আইএমএফের মুখপাত্র জুলি কোজ্যাক বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, ‘ভেনেজুয়েলা একটি তীব্র ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দারিদ্র্য ও বৈষম্য অনেক বেশি এবং মৌলিক পরিষেবার ব্যাপক ঘাটতি রয়েছে।’

আইএমএফের পরিসংখ্যান অনুযায়ী, ভেনেজুয়েলার সরকারি ঋণ বর্তমানে তাদের জিডিপির প্রায় ১৮০ শতাংশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক ঋণদাতা এই সংস্থাটি বর্তমানে দেশটির সঙ্গে কীভাবে এগিয়ে যাওয়া যায় সে সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

উল্লেখ্য, ২০০৪ সালের পর দেশটির কোনো আনুষ্ঠানিক মূল্যায়ন হয়নি ও দীর্ঘ ২০ বছর ধরে আইএমএফের সঙ্গে কোনো আনুষ্ঠানিক লেনদেন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights