মাঠে কাটা আমন ধান পানিতে
বগুড়া ব্যুরো
সারাবছরের পরিশ্রম আর স্বপ্ন নিয়ে যে ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষক, সেই ধানই এখন বৃষ্টির পানিতে ভিজে একাকার। কোথাও মাঠে পাকা আমন ধান বাতাসে হেলে পড়েছে, কোথাও কেটে রাখা ধানের স্তূপ ডুবে আছে পানিতে। যে কারণে তাদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। শুধু আমন ধান নয়, জমিতে পানি জমে থাকায় নতুন করে বোনা সরিষা, আলু, পেঁয়াজ, রসুনসহ শীতকালীন সবজির আবাদ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে বগুড়ার কৃষিতে দেখা দিয়েছে বিপর্যয়ের শঙ্কা। ফসল ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে এমন বৈরী আবহাওয়া কৃষকদের জন্য যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। উৎপাদন খরচ ওঠা তো দূরের কথা, জমির ফসল ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়েই এখন দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।
জানা যায়, গত শুক্রবার থেকে বগুড়ার আদমদীঘি, দুপচাঁচিয়া,নন্দীগ্রাম, কাহালু, সান্তাহারসহ জেলার বিভিন্ন এলাকায় মাঝারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কখনো থেমে থেমে, আবার কখনো একটানা বৃষ্টিতে মাঠের জমিতে পানি জমেছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ, বিপাকে পড়েছেন দিনমজুর ও কর্মজীবী মানুষও। জেলার বিভিন্ন মাঠে আমন ধান কাটার ধুম পড়ার কথা থাকলেও বৃষ্টিতে সেই উৎসবের আমেজ এখন উদ্বেগে পরিণত হয়েছে। অনেক জমিতে পাকা ধান বাতাসে হেলে পড়েছে। নিচু জমিতে কেটে রাখা ধান পানিতে ভিজে রয়েছে। ভেজা ধান দ্রত শুকাতে না পারলে পচন ধরার পাশাপাশি চালের মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃষ্টির কারণে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজও ব্যাহত হচ্ছে। এর মধ্যে কোথাও কোথাও শ্রমিকসংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। ফলে বাড়তি শ্রমিক খরচের পাশাপাশি ফসল হারানোর ভয়ও তাড়া করছে কৃষকদের।
আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামের কৃষক শফির উদ্দিন ৫৮ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। এর মধ্যে ১২ বিঘা জমির ধান কেটে রেখেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে কেটে রাখা সেই ধান ভিজে গেছে। অন্যদিকে জমিতে থাকা বাকি ধান বাতাসে হেলে পড়ে পানিতে ডুবে গেছে। শফির উদ্দিনের আশঙ্কা, ধান শুকানো ও মাড়াইয়ে অতিরিক্ত শ্রমিক খরচ গুনতে হবে। পাশাপাশি ফলনও কমে যেতে পারে।
আমন ধানের এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে রবি শস্যের আবাদ নিয়েও বিপাকে পড়েছেন কৃষকেরা। বগুড়ার বিভিন্ন এলাকায় সরিষা, আলু, পেঁয়াজ, রসুনসহ শীতকালীন ফসলের বীজ বপন ও চারা পরিচর্যার কাজ চলছে। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় অনেক কৃষকের স্বপ্নের নতুন ফসলও এখন ঝুঁকির মুখে।
বগুড়া সদর উপজেলার তেলিহারা গ্রামের কৃষক সাইফুল ইসলাম জানান, কয়েক দিন আগে তিনি ৫ বিঘা জমিতে সরিষার বীজ বুনেছেন। এর মধ্যে কিছু জমিতে চারা গজাতে শুরু করেছে। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমায় বীজ ও ছোট চারাগুলো নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিতে পানি জমে থাকলে শুধু তাঁর নয়, এলাকার অনেক কৃষকেরই ক্ষতির মুখে পড়তে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান বলেন, চলতি রোপা আমন মৌসুমে জেলায় ১ লাখ ৮৪ হাজার ২৯৫ হেক্টর জমিতে ৬ লাখ ৬৭ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। এছাড়া ১ লাখ ৫৩ হাজার ৪৪২ হেক্টর জমিতে ২১ লাখ ৫৯ হাজার ৬৪১ মেট্রিক টন রবি শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে
কৃষকেরা চাষাবাদ শুরু করেছেন।
তিনি আরও বলেন, সম্ভাব্য ক্ষতি এড়াতে পাকা ও কেটে রাখা ধান দ্রত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
