সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা; নারায়ণগঞ্জে যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে মোবারক হোসেন (৩৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।

মোবারক হোসেন নরসিংদীর মাধবদী থানার খাদিমার চর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কে এম টুটুল চৌধুরী জানান, হত্যাকাণ্ডের প্রায় ১৫ বছর আগে মোবারক আড়াইহাজারের কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার হাসেন আলীর মেয়ে ছালেহা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাতে মোবারক তাঁর স্ত্রী ছালেহা বেগমকে হত্যা করে পালিয়ে যান। ছেলে মেহেদী হাসানের চিৎকারে আশপাশের লোকজন এসে ঘরের মধ্যে ছালেহাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন।

নিহত ছালেহা সৌদি আরবে থাকতেন। হত্যাকাণ্ডের দুই মাস আগে তিনি দেশে ফিরেছিলেন। এ ঘটনায় তাঁর বাবা হাসেন আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights