‘স্বর্ণের ডিম’সহ গ্রেফতার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ‘স্বর্ণের ডিম’ (ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট)-সহ গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন রিমান্ডের এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মো. ইয়াছিন আরাফাত সৌরভ , মো. জাকিরুল ইসলাম জুয়েল এবং মো. শাওন।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউট গেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আবুল কালাম।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সৌরভের পক্ষে তার আইনজীবী রনজুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। তবে অপর আসামিদের পক্ষে জামিন আবেদন ছিল না।
