মোরেলগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৫

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার রাতে নিহত কৃষক হাকিম জোমাদ্দারের ভাই হারুণ জোমাদ্দার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২৪ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। যার প্রধান আসামি প্রতিবেশি বারেক হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম হাওলাদার।

পুলিশ এরই মধ্যে অভিযান চালিয়ে মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে। তাদেরকে শনিবার বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুস সালাম ফকির, হাসান হাওলাদার, নাজমা বেগম, লাইজু বেগম ও জাহানারা বেগম।
এর আগে শুক্রবার সকাল আটটার দিকে গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে আব্দুল হাকিম জোমাদ্দারকে (৬২) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিবেশি শহিদুল ইসলাম ও তার লোকজন। মারপিটে আরও সাতজন আহত হন।

জানা গেছে, বারেক হাওলাদার ও হাকিম জোমাদ্দারের মধ্যে ৩.৪২ একর জমি নিয়ে আদালতে মামলা চলছে চার/পাঁচ বছর ধরে। ঘটনার দিন গত শুক্রবার বারেক হাওলাদারের ছেলে শহিদুল হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জনের একটি বাহিনী হাকিম জোমাদ্দারের বসতঘরের সামনে থেকে বিবাদমান ওই জমির কিছু অংশে বেড়া দিয়ে দখল করে নেয়। ওই সময় দখলে বাধা দিলে হাকিম জোমাদ্দার ও তার লোকজনদের ওপর হামলা করে শহিদুলের বাহিনী। হামলায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান হাকিম জোমাদ্দার।

হত্যাকাণ্ডের খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ও বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ অবস্থান করছে। রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights