যশোরে যৌথবাহিনীর অভিযানে গ্রেনেড, পিস্তল ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়ায় শনিবার যৌথবাহিনী একটি অভিযান চালিয়ে ১০টি গ্রেনেড, তিনটি বিদেশি পিস্তল এবং ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে। অভিযানকালে কিছু ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে। তবে এসব অস্ত্র ও গোলাবারুদের মালিক রায়হান মোল্লা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে পুলিশ ও সেনার যৌথ একটি দল ধলগ্রাম ইউনিয়নের দড়িহাগড়া গ্রামের চুন্নু মোল্লার বাড়িতে অভিযান চালায়।

শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা অভিযানে ওই বাড়ি থেকে ১০টি গ্রেনেড, আমেরিকান তৈরি তিনটি পিস্তল (৭.৬৫ মডেল), ১৯ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ছুরি এবং একটি ক্ষুর উদ্ধার করা হয়। তবে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৮) অভিযানের আগেই পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ওসি মাহমুদুল হাসান জানান, যৌথবাহিনীর এই অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights