যেকোনো মার্কিন আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক

নতুন করে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়ায় জানিয়েছেন, এবার আক্রমণ হলে ইরানের সশস্ত্র বাহিনীর জবাব আগের চেয়ে অনেক বেশি তাৎক্ষণিক, বিধ্বংসী ও ব্যাপক বিস্তৃত হবে।

আজ মঙ্গলবার এক বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, নতুন কোনো যুদ্ধ শুরু হলে তার ক্ষেত্র কেবল পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

জেনারেল আকরামিনিয়া জানান, ইরানের সশস্ত্র বাহিনী প্রতিনিয়ত তাদের লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃশ্যমান ও অদৃশ্য; উভয় ধরনের সম্পদই এই তালিকার অন্তর্ভুক্ত করা হচ্ছে। তিনি শত্রুপক্ষকে সতর্ক করে বলেন, শত্রু যদি নতুন করে কোনো দুঃসাহস দেখানোর পরিকল্পনা করে, তবে বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সকল স্থাপনা, সামরিক সরঞ্জাম, সেনা সদস্য এবং স্বার্থ ইরানের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এর আগে রবিবার দেওয়া এক বক্তব্যেও জেনারেল আকরামিনিয়া ইরানের সামরিক বাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছিলেন। তিনি জানান, ওয়াশিংটনের কখনোই ভাবা উচিত নয় যে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে। আগের সংঘাতের চেয়ে নতুন যুদ্ধ অনেক বেশি দীর্ঘস্থায়ী হতে পারে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ কখন বা কী শর্তে শেষ হবে তা নির্ধারণ করার সুযোগ পাবেন না।

এছাড়া, দেশের ভেতরের ও বাইরের নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে আকরামিনিয়া দাবি করেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত বিভিন্ন শত্রুভাবাপন্ন ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অস্ত্রসজ্জিত করে ইরানের বিরুদ্ধে পশ্চিমা স্থলভিত্তিক দ্বিতীয় ফ্রন্ট খোলার যে পরিকল্পনা শত্রু এঁকেছিল, তা ইরানের পদক্ষেপের কারণে সম্পূর্ণ ব্যর্থ ও নস্যাৎ হয়েছে।

সূত্র: আল মায়াদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights