রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি চালকের মৃত্যু
ঢামেক প্রতিনিধি
রাজধানীর রমনায় সড়কে সিএনজি আটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম, সানোয়ার হোসেন (৫০)।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে রমনা থানাধীন মিন্টু রোড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী পথচারী তৌহিদ জানিয়েছেন, রাতে সিএনজি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে কাঁচ ভেঙে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয় সিএনজি অটোরিকশা চালক সানোয়ার।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা পর তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। বিষয়টি রমনা থানাকে অবগত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃতের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর সলঙ্গা গ্রামে। বাবার নাম আ. করিম।
