রাজবাড়ীতে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে বিএনপির আলোচনা সভা
রাজবাড়ী প্রতিনিধি
দীর্ঘ ১৭ বছর পর রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রকাশ্যে বিজয় দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। সোমবার সকালে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব মো. কামরুল আলম।
সভায় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, দীর্ঘ ১৭ বছর পর কোনো বাধা ছাড়াই প্রকাশ্যে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারছে। এক যুগ আগে এই তেতুলিয়া মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পুলিশ সেদিনের বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠান বন্ধ করে দেয়। আজ কয়েক হাজার নেতাকর্মী আলোচনা সভায় উপস্থিত হয়েছেন। নেতাকর্মীরা স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছেন।
