রিকশাচিত্রে সাইদ-মুগ্ধদের বীরত্বগাথা

কুমিল্লা প্রতিনিধি
রিকশাচিত্রে উঠে এসেছে শহীদ সাইদ ও মুগ্ধদের বীরত্বগাথা । রিকশাচিত্র শিল্পীরা ২০২৪ সালের ছাত্র-জনতার আত্মত্যাগ ও সংগ্রামের গল্প তুলে ধরছেন।

কুমিল্লায় প্রথমবারের মতো আয়োজিত রিকশাচিত্রে শিল্পীদের কর্মশালায় প্রশিক্ষক শিল্পী এস এম মালেক এই চিত্র আঁকেন। সম্প্রতি কর্মশালাটি আয়োজন করা হয় কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় এস এ নূর আলী আর্ট সেন্টারে।
এ বিষয়ে শিল্পী এস এম মালেক বলেন, আমাদের এ রিকশাচিত্র আশির দশকের বেশ দাপটে ছিল। কিন্তু কালক্রমে তা আজ বিলুপ্তির পথে। তবে রিকশা চিত্র একেবারে হারিয়ে যায়নি। এই জৌলুস ফেরাতে আমরা বিভিন্ন কর্মশালার আয়োজন করছি। এখানে আমরা আমাদের সিনেমা, ঐতিহ্যের সাথে জাতির আত্মত্যাগ ও বীরত্বের গল্প তুলে
ধরছি। এবার আমাদের রিকশাচিত্রে উঠে এসেছে শহিদ আবু সাইদ ও মুগ্ধদের আত্মদানের বীরত্বগাথা। আমরা পর্যায়ক্রমে ২০২৪ সালের ছাত্র-জনতার আত্মত্যাগ ও সংগ্রামের আরো গল্প ছবিতে তুলে ধরবো।’
তিনি আরো বলেন, রিকশা চিত্র এখন দেশ ছেড়ে বিদেশেও সুনাম ছড়াচ্ছে, বিদেশিদের মুগ্ধ করছে। আমাদের ছাত্ররা ভারত ও নেপালসহ বিভিন্ন দেশে এ শিল্পের ওপর কর্মশালা করেছে। ইতোমধ্যে রিকশাচিত্র দেশের ঐতিহ্য সংস্কৃতি হিসেবে ইউনেসকোর স্বীকৃতিও পেয়েছে।
কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী শিল্পী জীবন, সিরাজ, এসএ নূর আলী, আওয়াল ও সজিব খন্দকার বলেন, ‘আমাদের তেমন লেখাপড়া জানা নেই। ওস্তাদের থেকে আঁকা শিখেছি। ছবি আঁকার মাধ্যমে কুমিল্লা ও দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights