রুশ নারীর সঙ্গে সময় কাটিয়ে সংক্রমিত হয়ে পড়েন বিল গেটস!

অনলাইন ডেস্ক

কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন সংক্রান্ত আরও কিছু ফাইল প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। পূর্বপ্রকাশিত ফাইলগুলোর মতো নতুন ফাইলগুলোতেও বিশিষ্টজনেদের নাম রয়েছে। নতুন প্রকাশিত ফাইলগুলোতে নাম রয়েছে- ইলন মাস্ক, বিল গেটস, নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা তথা চিত্রপরিচালক মীরা নায়ারের।

সদ্য প্রকাশিত ফাইলগুলোর মধ্যে রয়েছে বেশ কিছু ইমেলও। নিজেই নিজেকে এই ইমেলগুলো করেছিলেন এপস্টেইন। সে রকমই একটি ইমেলে দাবি করা হয়েছে, রুশ নারীদের সঙ্গে সময় কাটানোর পর যৌন সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন শিল্পপতি তথা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা গেটস। তারপর নাকি তিনি গোপনে স্ত্রী মিলিন্ডা গেটসকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে চেয়েছিলেন! যদিও এই সমস্ত দাবি খারিজ করে দিয়েছেন বিল গেটস।

বিল গেটসের এক মুখপাত্রের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, এগুলো পুরোপুরি মিথ্যা। ওই মুখপাত্রের পাল্টা দাবি, বিল গেটসের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে না-পারায় হতাশা থেকে এই ধরনের অভিযোগ করেছিলেন এপস্টেইন।

নতুন প্রকাশিত ফাইলে আরও দাবি করা হয়েছে, ২০০৯ সালে নিজের সিনেমা ‘আমেলিয়া’-র প্রচারে আরেক যৌন অপরাধী ঘিসলাইন ম্যাকওয়েল আয়োজিত একটি নৈশভোজে যোগ দিয়েছিলেন মামদানির মা মীরা।

শুক্রবার মার্কিন বিচার বিভাগ এপস্টেইন ফাইলের ৩০ লাখ পাতা প্রকাশ্যে এনেছে। তার মধ্যে রয়েছে ২০০০ ভিডিও। ১ লাখ ৮০ হাজার ছবি। এর আগে প্রকাশিত ফাইলগুলোয় এপস্টেইনের সঙ্গেই দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে।

প্রসঙ্গত, এপস্টেইনের সঙ্গে বন্ধুত্বের কথা অস্বীকার করেননি ট্রাম্প। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে গত নভেম্বরে এপস্টেইন সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। ২০০৮ সালে এপস্টেইনের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণ ও নিপীড়নের অভিযোগে মামলা দায়ের হয়। ২০১৯ সালের আগস্টে গ্রেফতারির মাসখানেকের মাথায় জেলেই আত্মহত্যা করেন তিনি। সূত্র: দ্য টাইমস, আনাদোলু এজেন্সি, এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights