শরিয়াহ ব্যাংকের তারল্য সহায়তায় বন্ড ছাড়বে বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
ইসলামি ব্যাংকগুলোর তারল্যসংকট মোকাবিলা এবং শরিয়াহসম্মত বিনিয়োগের সুযোগ বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে ৩২ হাজার কোটি টাকার সরকারি বিনিয়োগ সুকুক (বন্ড) ইস্যুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ইসলামি ব্যাংকগুলোর জন্য বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি, তারল্য ব্যবস্থাপনা শক্তিশালী এবং ব্যবসাবাণিজ্য ও অবকাঠামো উন্নয়নে অর্থায়নের সুযোগ বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদ এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘ইসলামি অর্থায়ন খাতের বিকাশ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সুকুক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈশ্বিক অর্থনীতিতে বিভাজন বাড়ার পাশাপাশি বিদেশি অর্থায়ন ব্যয়বহুল ও কঠোর শর্তসাপেক্ষ হয়ে উঠছে। এ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ অর্থায়নের উৎস শক্তিশালী করা জরুরি।’ কবির আহমেদ জানান, বৈশ্বিক সুকুক বাজারে বাংলাদেশের অংশীদারি মাত্র ০.০৪ শতাংশ। ফলে আন্তর্জাতিক ইসলামি অর্থায়ন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। প্রস্তাবিত ৩২ হাজার কোটি টাকার সুকুক ইস্যু হলে ইসলামি ব্যাংকগুলোর শরিয়াহসম্মত বিনিয়োগের সুযোগ বাড়বে এবং তারল্য ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে।
ব্যাংক খাতের সংস্কার প্রসঙ্গে ডেপুটি গভর্নর বলেন, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামি ব্যাংক একীভূত করেছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের মাধ্যমে ব্যাংকগুলোর প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা এবং সুশাসনের দুর্বলতা কাটিয়ে ওঠার লক্ষ্য নেওয়া হয়েছে।
তিনি জানান, ইসলামি ব্যাংকিং খাতের জন্য আন্তর্জাতিক মানের নিয়ন্ত্রককাঠামো গড়ে তুলতে স্বতন্ত্র ইসলামি ব্যাংকিং আইন প্রণয়নের কাজ চলছে। এ ক্ষেত্রে মালয়েশিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইসলামি ব্যাংকিং কার্যক্রমের তদারকি জোরদারে বাংলাদেশ ব্যাংকে পৃথক ইসলামি ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ এবং সর্বোচ্চ শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া মুরাবাহা, বাই ও হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিলকসহ (এইচপিএসএম) ইসলামি অর্থায়নের বিভিন্ন উপকরণের পরিচালন নির্দেশিকা হালনাগাদ করা হচ্ছে। সংশোধন করা হচ্ছে অভ্যন্তরীণ শরিয়াহ নিরীক্ষা পদ্ধতি ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণসংক্রান্ত নির্দেশিকাও। আর্থিক খাতের দুর্বলতা চিহ্নিত করতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিশেষ পরিদর্শন কার্যক্রম চলছে। এ সময় ডেপুটি গভর্নর কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইসলামি ব্যাংকিংয়ের নামে আর্থিক খাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।’ ইসলামি ব্যাংকগুলোর অর্থায়ন কার্যক্রমের ধরন পরিবর্তনের ওপরও গুরুত্ব দেন তিনি। বলেন, ‘কয়েকটি বড় করপোরেট প্রতিষ্ঠানের মধ্যে ঋণ ও বিনিয়োগ সীমাবদ্ধ না রেখে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এসএমই), কৃষি ও গ্রামীণ উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াতে হবে। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে আনুষ্ঠানিক ঋণসুবিধার বাইরে থাকা উদ্যোক্তাদের কাছে ব্যাংকারদের পৌঁছাতে হবে।’ তাঁর মতে, উৎপাদনশীল খাত ও ক্ষুদ্র ব্যবসায় অর্থায়ন বাড়ানো গেলে ঋণ কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি কমবে। একই সঙ্গে ইসলামি ব্যাংকিং খাতে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও টেকসই ভিত্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
