শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনও শর্ত দেয়নি ভারত
অনলাইন প্রতিবেদক
ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে কোনও শর্তের কথা উল্লেখ করে যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ঢাকার কাছে হস্তান্তর প্রশ্নে ভারত দুটি শর্ত দিয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে’- এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে শামা ওবায়েদ বলেন, ‘প্রতিবেদনটার কোনো ভিত্তি নাই বাংলাদেশের আইনে। কোনো ভিত্তি নাই। এটা ভারত সরকারের কোনো রেসপন্সিবল জায়গা থেকে আসে নাই। এই রকম প্রতিবেদন তো আপনিও ছাপাতে পারেন। প্রতিবেদন ডাজনট মিন এনিথিং, কেননা ভারতের পররাষ্ট্র বা সরকারের অফিসিয়ালি কিছু আছে কি না, সেটা আমরা গ্রহণ করব বা সেটার জবাব দেব আমরা। এর বাইরে কে কোথায় কী লিখল, সেটা দেখার সময়ও নাই, সেটা আমাদের বিষয়ও না।’
শর্তের বিষয়ে বাংলাদেশের কোনো পর্যায়ে ভারত বলেছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘নো, নট অ্যাট অল। আমাদের সঙ্গে এ ব্যাপারে তাদের কথাই হয় নাই।’
শামা ওবায়েদ আরও বলেন, অন্য যেকোনও আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, বর্তমানে একই ধরনের কর্মকাণ্ড করছে দলটি।
