শেরপুরে দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার পৌর শহরের তাতালপুর বাজারে দুই ছিনতাইকারীকে ধরে বাজারে উত্তেজিত জনতা পিটিয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশিত হয়েছে। পুলিশ জানিয়েছে, দুইজনের মধ্যে একজনের নাম মনির, আরেকজনের নাম মমিন।
মনিরের বাবার নাম সবিহর মিয়া ও মমিনের বাবার নাম নুরুজ্জামান। এই দুইজনের বাড়ি পৌর এলাকার চাপাতলি মহল্লায়। অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে আগেও মাদক ও ছিনতায়ের অভিযোগ রয়েছে।
বিকালের দিকে শহরের খোয়ারপাড় মোড় থেকে তাতালপুরের উদ্দেশ্যে বোরকা পড়া এক নারী যাত্রীকে অটো গাড়িতে তুলে এক ছিনতাইকারী।ওই মহিলার বাড়ি তাতালপুল বাজারের আশেপাশে। অটো ড্রাইভার ছিল ছিনতাইকারী মনির। খোয়ারপাড় ও তাতালপুরের মাঝখান থেকে অপর ছিনতাইকারী মমিনকে যাত্রী হিসেবে তুলে নেয় মনির। একটু সামনে গিয়ে ফাঁকা জায়গায় মমিন ওই নারীর শরীরে লাল পিঁপড়া উঠেছে বলে পিঁপড়া ছাড়ানোর কথা বলে নাকে কানে হাত দিয়ে স্বর্ণ আছে কিনা পরীক্ষা করে। আরেটু সামনে গিয়ে ফাঁকা জায়গায় অটো থামিয়ে দুই ছিনতাইকারী ওই নারীর গলা, নাক ও কান থেকে মালা, নাকফুল, কানফুল ছিনিয়ে নেয়।
দস্তাদস্তির বিষয়টি চোখে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর। ছিনতাই শেষে ওই নারীকে সড়কে নামিয়ে দিয়ে অটো চালিয়ে সামনের দিকে চলে যায়। দুই যুবক মোটরসাইকেল আরোহী বোরকা পড়া নারীর কাছে কি হয়েছে জানতে চাইলে ওই নারী ঘটনা খুলে বলে। যুবকরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে ছিনতাইকারী দুই জনকেই ধরে ফেলে অটো থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করে শরীর থেকে মহিলার খোয়া যাওয়া স্বর্ণ উদ্ধার করে। তারপর উত্তেজিত জনতার হাতে গণপিটুনির শিকার হয় দুই ছিনতাইকারী। এক পর্যায়ে উত্তেজিত জনতা দুজনকে গাছের সাথে বেধেঁ উত্তমমাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানিয়েছেন, বিকালের দিকে খবর পেয়ে ওই দুইজনকে ঘটনাস্থল থেকে আনা হয়েছে। কি ঘটনা ঘটেছে বিস্তারিত খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
