শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত শিল্পাঞ্চল

নিজস্ব প্রতিবেদক

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন ঘিরে গতকালও উত্তপ্ত ছিল দেশের প্রধান দুই শিল্পাঞ্চল গাজীপুর ও সাভারের আশুলিয়া। দিনভর সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে অস্থিরতা ছড়িয়ে পড়ে। দুই এলাকার সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও সাভারে প্রায় ৭৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় উৎপাদন বন্ধ ছিল শতাধিক কারখানায়। এই সঙ্গে সাধারণ ছুটি ঘোষণা করা হয় বেশ কিছু কারখানায়। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রাখা হয়েছে।

গাজীপুরের শ্রীপুর, মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। সকাল সোয়া ৮টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। পরে সালনা, মাওনা ও আশপাশের বিভিন্ন পয়েন্টে দফায় দফায় সড়ক অবরোধ করেন তাঁরা। বেলা ১১টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া এলাকায় পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ ও লাঠি পেটা করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন। এদিকে মাওনা চৌরাস্তার বিভিন্ন বিপণিবিতান ও দোকানে হামলা, ভাঙচুর এবং ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরিস্থিতি বিবেচনায় ১০টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ৫০টি কারখানা।

অন্যদিকে আশুলিয়ার জিরাব-বিষমাইল এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। শ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলা সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা। পরিস্থিতি স্বাভাবিক হলে উৎপাদন শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights