সেনা কর্মকর্তার ভুয়া পরিচয়ে প্রেমের ফাঁদ, যুবকের কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটায় নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে তরুণীকে প্রেমের ফাঁদে ফেলা এবং আবাসিক হোটেলে নেওয়ার ঘটনায় আব্দুল জলিল (২২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত জলিল কুয়াকাটা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের ইনসান উদ্দিনের ছেলে। তিনি পেশায় জেলে।

জানা যায়, নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে সম্প্রতি বাগেরহাট এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন জলিল। পরে ওই তরুণীকে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে তরুণীর পরিবারের সদস্যরা কুয়াকাটায় এসে তাদের অবস্থান শনাক্ত করে পুলিশে খবর দেন। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জলিলকে আটক করে। পরে জলিলের স্ত্রী ও ওই তরুণীর পরিবারের সদস্যদের অভিযোগ ও সাক্ষ্য-প্রমাণ যাচাই শেষে ভ্রাম্যমাণ আদালত জলিলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, আইন অনুযায়ী, সরকারি কর্মকর্তা হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করা শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগ ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আইন অনুযায়ী ওই ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ মিথ্যা পরিচয়ে প্রতারণা করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights