সৌদিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি

অনলাইন ডেস্ক
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রঝড়, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাসের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

একই সঙ্গে দেশটির কিছু এলাকায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবারের দৈনিক আবহাওয়ার পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে হড়কাবান তথা আকস্মিক বন্যা দেখা দিতে পারে। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং প্রবল বাতাস বয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। এতে ধুলা ও বালুঝড়ের সৃষ্টি হয়ে দৃশ্যমানতা কমে যেতে পারে।

মদিনা অঞ্চলের আল-আইস, আল-মাহদ, বদর ও আশপাশের এলাকায় মাঝারি মাত্রার বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে মক্কার রাবিঘ, জেদ্দা, আল-খুরমাহ ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি এবং ধুলা উড়ার সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে।

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, উত্তর সীমান্ত অঞ্চল ও জাজানের কিছু অংশেও সক্রিয় বাতাসের সঙ্গে বৃষ্টিবাহী বজ্র মেঘ তৈরি হতে পারে। এছাড়া পূর্বাঞ্চলীয় প্রদেশের দক্ষিণ অংশ এবং রিয়াদ অঞ্চলের কয়েকটি এলাকাতেও একই ধরনের অস্থিতিশীল আবহাওয়া দেখা দিতে পারে।

দেশটির পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে রাত ও ভোরের দিকে কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। এতে বিশেষ করে মহাসড়ক ও উপকূলীয় এলাকায় দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। ফলে যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও সৌদি আরবের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা উচ্চ থাকবে বলে জানিয়েছে এনসিএম। পূর্বাভাস অনুযায়ী, দেশটির মধ্যে সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হতে পারে মদিনায়। এরপর দাম্মামে তাপমাত্রা উঠতে পারে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে।

এছাড়া রাজধানী রিয়াদ ও বুরাইদাহতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির এই বৈপরীত্য- একদিকে তীব্র গরম, অন্যদিকে ভারী বৃষ্টি ও বজ্রঝড়- দেশটির বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীল আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে আকস্মিক বন্যাপ্রবণ এলাকা, নিচু অঞ্চল এবং বৃষ্টির পানির প্রবাহপথে থাকা বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights