সৌদি আরবে আরামকো টাওয়ারে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

অনলাইন ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি টাওয়ারে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে বলা হয়, রিয়াদের বাদশা আব্দুল্লাহ বাণিজ্যিক এলাকার একটি টাওয়ার লক্ষ্য করে হুতি মিলিশিয়াদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।

গত ৭ নভেম্বর রিয়াদের বাণিজ্যিক এলাকার ওই টাওয়ারে হামলার লক্ষ্যবস্তু করার কথা জানায় হুতি গোষ্ঠীর মুখপত্র সাবা নিউজ এজেন্সি। তবে তাদের বিবৃতিতে টাওয়ারটির নাম উল্লেখ করা হয়নি। পরে বৃহস্পতিবার হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।

হামলার পরপরই সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছিল, এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়নি। তবে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৮ নভেম্বর বিবিসি ভেরিফাই জানায়, হামলায় সৌদি আরামকোর ভবনটি বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। ভবনটির একটি তলায় ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়। এ ছাড়া টাওয়ারটির কয়েকটি তলার জানালাও ভেঙে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোতে এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। এটি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। পাশাপাশি এ ধরনের হামলা উত্তেজনা প্রশমনের উদ্যোগগুলোকে বাধাগ্রস্ত করে।

বিবৃতিতে সৌদি আরবের সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।

পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এ ধরনের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights