সুন্দরবনে আগুন : হেলিকপ্টার দিয়ে ছিটানো হচ্ছে পানি

বাগেরহাট ও মোরেলগঞ্জ প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের লতিফের সিলা এলাকায় লাগা আগুনের গতি পর্যবেক্ষণের জন্য আকাশ পথে হেলিকপ্টার নিয়ে টহল দিচ্ছে বিমানবাহিনীর একটি দল। তারা হেলিকপ্টারে করে আজ দুপুর সাড়ে ১২টা থেকে পানি ছিটানো শুরু করেছে।

আজ রবিবার সকাল থেকে ফায়ার সার্ভিস, বনবিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বিরামহীন চেষ্টা চালিয়ে আগুনের বিস্তৃতি রোধে সক্ষম হন। তবে, এখনো নির্মূল করা সম্ভব হয়নি।

বিস্তির্ণ এলাকায় ছড়িয়ে যাওয়া আগুনের গতি পর্যবেক্ষণের জন্য বিমানবাহিনীর একটি দল সকাল থেকে আকাশ পথে টহলে রয়েছে। দুপুর ১ টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন।
দুপুর ২ টার দিকে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা গাজী মো. নুরুল কবির ঘটনাস্থল থেকে বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এখন আর আতঙ্কের কিছু নেই। তবে আগুন শতভাগ নির্মূল করে বনকে নিরাপদ ঘোষণা করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

কীভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এমন প্রশ্নের জবাবে, বিভাগীয় এ বন কর্মকর্তা বলেন, এটা এখনই বলা সম্ভব নয়। প্রাকৃতিক কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আবার বনজীবীদের অসতর্কতায়ও ঘটে থাকতে পারে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও এতে বনের ক্ষতি সম্পর্কে জানতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান করা হয়েছে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেবকে। এ কমিটি ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদন পেলেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ও বনের ক্ষতি সম্পর্কে জানা যাবে বলেও এ কর্মকর্তা জানান।

এদিকে আগুন নিয়ন্ত্রণ কাজের তদারকির জন্য মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, থানার ওসি মো. সামসুদ্দীন ঘটনাস্থলে অবস্থান করছেন। ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম হাওলাদার অগ্নি নির্বাপণের কাজে নিয়োজিত প্রায় ৩ শ’ লোকের খাবারের ব্যবস্থা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights