ইরান থেকে দেশে ফিরতে ২৫০ বাংলাদেশির নিবন্ধন

অনলাইন ডেস্ক
ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে নিরাপদে দেশে ফেরার জন্য এখন পর্যন্ত ২৫০ বাংলাদেশি নাগরিক নিবন্ধন করেছেন। প্রথম দফায় নারী, শিশু ও চিকিৎসার জন্য ইরানে যাওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে ৯০ জন বাংলাদেশিকে পাকিস্তানের তাফতান সীমান্ত দিয়ে দেশে ফেরত আনা হবে। এসব ব্যক্তির তথ্য পাকিস্তান সরকারের কাছে পাঠানো হয়েছে। এ উদ্দেশ্যে তাদের যাত্রাপথ, যানবাহন ও খাবারসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের প্রথম দলকে আগামী সপ্তাহে দেশে আনার প্রস্তুতি চলছে। তিনি বলেন, “ইরানে অবস্থানরত এবং স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রত্যাবর্তনের কার্যক্রম শুরু করেছে সরকার। পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতায় এই প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।”

পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশিরা তাফতান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন এবং সেখান থেকে করাচি হয়ে দুবাই ট্রানজিটের মাধ্যমে ঢাকায় পৌঁছাবেন। তবে পরিস্থিতি বিবেচনায় অন্যান্য বিকল্প রুটও বিবেচনায় রাখা হয়েছে।

দেশে ফেরার বিষয়ে যে কোনো তথ্য বা সহায়তার জন্য হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে:

বাংলাদেশ দূতাবাস, তেহরান: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা: +৮৮০১৭১২০১২৮৪৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights