গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশুসহ অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের মৌসুমী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলেন-গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও পিয়ারাপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জাহিদুল ইসলাম (৫৫), একই ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের গনী মন্ডলের ছেলে নুরুন্নবী মন্ডল (৫০) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের পরাগ আলীর ১৯ দিনের শিশু কন্যা রওশন রাফি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাজা বিরাট থেকে একটি অটোরিকশা গোবিন্দগঞ্জের দিকে আসার সময় মৌসুমী তেলের পাম্পের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু কন্যা রওশন ও অন্যরা হাসপাতালে মারা যায়। হতাহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।
