৪৩৬১ শ্রমিকের কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

মালিকপক্ষ অনির্দিষ্টকালের জন্য ‘বন্ধ’ ঘোষণা করেছে নীলফামারীর উত্তরা ইপিজেডের ম্যাজেন বিডি লিমিটেড নামের চশমা ও অপটিক্যাল ফ্রেম তৈরির কারখানা। চীনা মালিকানাধীন চশমা তৈরির এই প্রতিষ্ঠানটি বুধবার (২৯ এপ্রিল) বিকালে এক লিখিত নোটিশের মাধ্যমে সিদ্ধান্তটি জানিয়েছে।

বিদ্যুৎ, গ্যাস ও কাঁচামালের বৈশ্বিক তীব্র সংকট এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের ক্রয় আদেশ (অর্ডার) কমে যাওয়ায় কারখানাটি বন্ধের ঘোষণা দেয়।

কারখানার পরিচালক (অপারেশন) এরেন লি স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে কাঁচামাল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বায়ারদের অর্ডার কমে গেছে। ফলে কারখানার নিয়মিত উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে ফলে ‘লে-অফ’ ঘোষণা করা হয়।

বাংলাদেশ ইপিজেড আইন ২০১৯-এর ১৫ ধারা মোতাবেক, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারখানায় কাজ বন্ধ থাকবে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, এ সময়ে কোনও শ্রমিক ও কর্মচারীকে কারখানায় উপস্থিত হতে হবে না। তবে শ্রমিকরা আইন অনুযায়ী (২০১৯ ধারা ১৫) মোতাবেক তাদের পাওনা বেতন-ভাতাদি পাবেন। এ ছাড়াও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ মে থেকে ১৪ মে-এর মধ্যে সব শ্রমিক ও কর্মকর্তার বোনাস ব্যাংকের মাধ্যমে নিজ নিজ অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক (ইডি) মোহাম্মদ আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কাঁচামালের অভাব ও অর্ডার কমে যাওয়ায় ম্যাজেন বিডি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি স্থায়ীভাবে কোনও সিদ্ধান্ত নয়। পুনরায় কাঁচামাল সরবরাহ স্বাভাবিক হলে এবং নতুন অর্ডার পেলে কারখানাটি পুরোদমে চালু হবে।’

উল্লেখ্য, ম্যাজেন (বিডি) লিমিটেডে বর্তমানে দেশি-বিদেশি মিলে চার হাজার ৩৬১ জন শ্রমিক ও কর্মকর্তা কর্মরত আছেন। এ ছাড়াও এখানে কারিগরি ও প্রশাসনিক কাজে ৯৬ জন চীনা নাগরিক নিয়োজিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights