বাগেরহাটে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে পৃথক অভিযানে ১৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-৬। রবিবার (৯ আগস্ট) বাগেরহাট সদর ও মোরেলগঞ্জে এসব অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বাগেরহাটের অভিযানে সদর উপজেলার বাগেরহাট-পিরোজপুর সড়কের ফিলিং স্টেশনের দক্ষিণ-পশ্চিম কোণ থেকে নুরজাহান বেগম (৪৬) নামে এক নারীকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। তার হাতে থাকা ভ্যানেটি ব্যাগ তল্লাশি করে ৫০টি প্যাকেটে রাখা এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার ওজন এক কেজি এবং অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
অন্যদিকে, র‌্যাব-৬ এর অভিযানে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী এলাকা থেকে মো. জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামে এক ব্যক্তিকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। জাহিদুল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর (রাজপাড়া) এলাকার রতন হাওলাদারের ছেলে।

র‌্যাবের তথ্যমতে, জাহিদুলের বিরুদ্ধে মাদক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। এর মধ্যে কক্সবাজারের টেকনাফ থানায় একটি এবং ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানায় দুটি মামলা রয়েছে। পৃথক দুই ঘটনায় বাগেরহাট সদর ও মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights