অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর লিগ্যাল রিসার্চের উদ্বোধন
অনলাইন প্রতিনিধি
আইনবিষয়ক গবেষণা, জ্ঞানচর্চা ও অ্যাকাডেমিক অনুসন্ধানকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত সেন্টার ফর লিগ্যাল রিসার্চ-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেন্টার ফর লিগ্যাল রিসার্চের উদ্বোধন করেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি, বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান এবং গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক চেয়ারম্যান মাননীয় বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। তিনি বর্তমানে স্থায়ী সালিশি আদালত-এর সদস্য হিসেবে পিস প্যালেস, দ্য হেগ, নেদারল্যান্ডসে দায়িত্ব পালন করছেন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, আইনের শাসন নিশ্চিত করতে বিচারকদের মানসিক স্বাধীনতা জরুরি। আইনকে শুধু আদালত বা আইনের বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; আইনকে সমাজ, রাষ্ট্র ও মানুষের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এজন্য তথ্য-প্রমাণভিত্তিক গবেষণা ও মুক্ত জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ তখনই অর্থবহ ভূমিকা রাখতে পারে, যখন সেখানে শিক্ষার পাশাপাশি গবেষণা, বিশ্লেষণ ও সমসাময়িক আইনগত বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়। সেন্টার ফর লিগ্যাল রিসার্চ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
অনুষ্ঠানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এম. শামসুল আলম লিটন, সদস্যসচিব জনাব মো. কামরুজ্জামান লিটু এবং সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী।
এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও আইন বিভাগের উপদেষ্টা জনাব এম এ আওয়াল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার রিফাত রহমান।
অনুষ্ঠানের শুরুতে আইন বিভাগের চেয়ারম্যান জনাব আ ম ম সাঈদ সেন্টার ফর লিগ্যাল রিসার্চের পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য প্রদান করেন। ভোট অব থ্যাংকস প্রদান করেন আইন বিভাগ অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি (সহকারী অধ্যাপক) ব্যারিস্টার তাসমিয়া জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক জনাব রিফাত নিয়াজী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, সেন্টার ফর লিগ্যাল রিসার্চ প্রতিষ্ঠার মাধ্যমে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই সেন্টার আইনবিষয়ক জ্ঞানচর্চা, গবেষণা ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, সেন্টার ফর লিগ্যাল রিসার্চ ভবিষ্যতে সমসাময়িক আইনগত বিষয় নিয়ে গবেষণা, সেমিনার, কর্মশালা ও প্রকাশনার মাধ্যমে আইন শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
