ম্যাচের ১২ ঘণ্টা আগেও আর্জেন্টিনায় পৌঁছায়নি বুরকিনা ফাসো
স্পোর্টস ডেস্ক
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আগামীকাল আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা বুরকিনা ফাসোর। তবে ম্যাচ শুরুর মাত্র ১২ ঘণ্টা আগেও আর্জেন্টিনায় পৌঁছাতে পারেনি দলটি। ভ্রমণ জটিলতায় পড়ায় ম্যাচের প্রস্তুতিও ব্যাহত হয়েছে তাদের।
সূচি অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে পৌঁছানোর কথা ছিল বুরকিনা ফাসোর। কিন্তু চার্টার্ড ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় দুই দিন মরক্কোয় অবস্থান করতে হয় দলটিকে। পরে জটিলতা কাটিয়ে আর্জেন্টিনার উদ্দেশে রওনা দেয় তারা।
বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন জানিয়েছে, চার্টার্ড বিমানের পরিচালনাকারী প্রতিষ্ঠান কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নির্ধারিত ফ্লাইট বাতিল করায় তাদের সফর পরিকল্পনা ভেস্তে যায়। এতে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য নির্ধারিত সময়ও কমে গেছে।
এক বিবৃতিতে ফেডারেশন বলেছে, ‘চার্টার কোম্পানি ৩০ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ফ্লাইটটি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাতিল করে। এই বাতিলের কারণে প্রতিনিধি দলের ভ্রমণসূচি নতুন করে সাজাতে হয়েছে।’
পরিস্থিতি সামাল দিতে বুরকিনা ফাসোর ক্রীড়া, যুব ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী অ্যানিক পিকবুগুম জিঙ্গুয়ে উয়াত্তারা, দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ওমারু সাওয়াদোগো এবং মরক্কোয় নিযুক্ত রাষ্ট্রদূত মামাদু কুলিবালি সরাসরি উদ্যোগ নেন।
শেষ পর্যন্ত ভোররাতে মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে বুয়েনস আইরেসের উদ্দেশে বিমানে ওঠে বুরকিনা ফাসো দল। স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে, বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় তাদের এজেইজা বিমানবন্দরে পৌঁছানোর কথা। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত মনুমেন্টাল স্টেডিয়ামে যাওয়ার প্রস্তুতি নিতে হবে দলটিকে।
