শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী

অনলাইন ডেস্ক

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকের অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সংলাপ এবং শোভন কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।

বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এমপ্লয়ার্সের (আইওই) উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

শ্রমমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শোভন কাজ, শ্রমিক কল্যাণ ও উৎপাদনশীল কর্মসংস্থান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমিক, নিয়োগকর্তা ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় সংলাপ এবং আইএলওর রোডম্যাপ বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনায় প্রতিনিধি দলের এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বাংলাদেশ শ্রম আইন সংশোধন করেছে। এ ছাড়া বাংলাদেশ সম্প্রতি আইএলওর ১৫৫, ১৮৭ ও ১৮৯ নম্বর কনভেনশন অনুমোদন করেছে। সামাজিক সংলাপ, বিরোধ নিষ্পত্তি ও শ্রম প্রশাসন শক্তিশালী করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সংশোধিত শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়নে বাংলাদেশ শ্রম বিধিমালা প্রণয়ন এখন সরকারের অন্যতম লক্ষ্য। শ্রমিকদের জন্য অঙ্গীকারগুলোকে বাস্তব ও দৃশ্যমান উন্নয়নে রূপ দিতে হবে। শ্রমিকের অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব। শিল্প খাতে শান্তি ও টেকসই উন্নয়নে শক্তিশালী ত্রিপক্ষীয় সংলাপ ও সামাজিক অংশীদারিত্ব অপরিহার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights