বগুড়ায় অনাহারে থাকা পরিবারের পাশে ইউএনও

বগুড়া ব্যুরো

অনাহারে-অর্ধাহারে দিন কাটছিল বয়সের ভারে নুয়ে পড়া ৭০ বছরের আব্দুল জব্বার মন্ডলের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অসহায় পরিবারটির দুরবস্থার খবর জানতে পেরে এই পরিবারের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।

বৃহস্পতিবার ইউএনও এর নিজ উদ্যোগে পরিবারটির হাতে তুলে দেওয়া হয় শুকনা খাদ্যসামগ্রী। দুই প্যাকেটের এসব খাদ্যসামগ্রীর প্রতিটিতে রয়েছে চাল, ডালসহ মোট ১৪ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।

জানা যায়, আব্দুল জব্বার মন্ডল বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে নানা অভাব-অনটনের মধ্য দিয়ে দিন কাটছে তার পরিবারের। সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো তো দূরের কথা, নিয়মিত খাবারের ব্যবস্থাও করতে পারছিলেন না তারা। পরে স্থানীয় এক সাংবাদিকের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে আব্দুল জব্বারের পরিবারের অসহায়ত্বের বিষয়টি তুলে ধরা হয়। সেই পোস্টের মাধ্যমে বিষয়টি ইউএনও সাইদুজ্জামান হিমুর নজরে আসে। খবরটি জানার পর তিনি পরিবারটির খোঁজখবর নেন।

ইউএনওর এমন উদ্যোগে স্বস্তি ফিরেছে পরিবারটির মধ্যে। দীর্ঘদিন পর অন্তত কিছুদিনের জন্য খাবারের নিশ্চয়তা পাওয়ায় আব্দুল জব্বারের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের দুর্দশার খবর পেলে ইউএনও সাইদুজ্জামান হিমু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অসহায় মানুষের দুরবস্থার খবর নজরে এলে তা যাচাই করে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে প্রশংসা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights