ফ্যাসিস্ট ও জান্নাতীরা মিলে দেশকে অস্থিতিশীল করতে চায়: আমানউল্লাহ আমান
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্ট ও জান্নাতীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপি যখন দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন দুষ্কৃতকারীরা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ ও ৮৭টি মন্দিরে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুর্গাপূজার মণ্ডপগুলোতে বিএনপির নেতাকর্মীরা অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা তিন শিফটে পাহারা দেবেন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
আমানউল্লাহ আমান আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বিএনপি ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করেন। দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
