প্রত্যেক মানুষের গড়ে তিনটি রোগের জিনগত ঝুঁকি থাকে: গবেষণা
প্রত্যেক মানুষের শরীরেই বিভিন্ন রোগের কিছু জিনগত ঝুঁকি থাকে। নতুন এক গবেষণায় দেখা গেছে, একজন মানুষের গড়ে প্রায় তিনটি সাধারণ রোগে আক্রান্ত হওয়ার জিনগত ঝুঁকি তুলনামূলক বেশি। এসব রোগের মধ্যে রয়েছে ডায়াবেটিস, হৃদ্রোগ ও সিজোফ্রেনিয়ার মতো মানসিক রোগ। তবে জিনগত ঝুঁকি বেশি থাকলেই যে কেউ এসব রোগে আক্রান্ত হবেন, তা নয়।
যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়েছে। এতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রায় ১০ লাখ মানুষের জিনগত তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘জিনোম মেডিসিন’ নামের একটি চিকিৎসাবিষয়ক সাময়িকীতে।
গবেষকেরা ২৮টি সাধারণ রোগের ঝুঁকি পরীক্ষা করেন। এতে দেখা যায়, একজন মানুষ গড়ে প্রায় তিনটি রোগের ক্ষেত্রে জিনগত ঝুঁকির দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ১০ শতাংশ মানুষের দলে পড়েন।
গবেষকেরা জানান, মানুষের শরীরে মা-বাবার কাছ থেকে পাওয়া জিন থাকে। এসব জিনের কিছু পরিবর্তন বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াতে পারে। তবে সব পরিবর্তন ক্ষতিকর নয়।
গবেষণার জ্যেষ্ঠ গবেষক ক্যারোলিন রাইট বলেন, সবার শরীরেই রোগের সঙ্গে সম্পর্কিত কিছু জিনগত পরিবর্তন থাকে। কিন্তু এসব পরিবর্তনের কারণে সবাই অসুস্থ হন না।
গবেষকদের মতে, কোনো ব্যক্তির রোগের ঝুঁকি বুঝতে শুধু জিনগত পরীক্ষা যথেষ্ট নয়। তার পরিবারের রোগের ইতিহাস, শারীরিক অবস্থা ও পরিবেশগত বিষয়ও বিবেচনা করতে হবে।
তবে গবেষণায় ইউরোপীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা বেশি ছিল। তাই অন্য জনগোষ্ঠীর ওপর আরও গবেষণা প্রয়োজন।
