হরমুজে হেলিকপ্টারে উড়ে গেলেন মার্কিন কমান্ডার, জ্বলন্ত ট্যাঙ্কারের ছবি দিয়ে যা বলল ইরান

অনলাইন ডেস্ক
ইরানের কৌশলগত জলপথ হরমুজ প্রণালির ওপর দিয়ে উড্ডয়নের পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারকে উপহাস করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি। হরমুজ প্রণালি উন্মুক্ত থাকার বিষয়ে ওয়াশিংটনের দাবিকে চ্যালেঞ্জ করে তিনি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের উচ্চমূল্যের প্রসঙ্গ তুলে ধরেছেন।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, রবিবার মার্কিন সেনাবাহিনীর সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টারে করে হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যান ব্র্যাড কুপার। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দেন মোহেব্বি।

পোস্টে তিনি লেখেন, ‘এটাই বাস্তবতা…’। সঙ্গে প্রকাশিত ছবিতে দেখা যায়, কুপার একটি বিমানে বসে আছেন এবং নিচে একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে আগুন জ্বলছে। ছবিতে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১১৭ ডলার বলেও উল্লেখ করা হয়।

মার্কিন সামরিক কমান্ডারের ছবি, জ্বলন্ত তেলবাহী ট্যাঙ্কার ও তেলের উচ্চমূল্যকে একসঙ্গে তুলে ধরে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে উপহাস করেছেন আইআরজিসির এই মুখপাত্র। একই সঙ্গে বিশ্ব জ্বালানি বাজারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবের বিষয়টিও সামনে এনেছেন তিনি।

পোস্টটি হরমুজ উন্মুক্ত থাকার বিষয়ে ওয়াশিংটনের দাবিকেও প্রশ্নবিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জলপথটি উন্মুক্ত থাকার কথা বলা হলেও ইরান সেখানে নিজস্ব নিয়মকানুন কার্যকরের পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর আইআরজিসি নৌবাহিনী হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে। এ সময় বিভিন্ন জাহাজকে সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে তারা ইরানের অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা না করে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে অননুমোদিত পথে চলাচলের সময় দুটি সুপারট্যাঙ্কার সমুদ্রের তলদেশে পেতে রাখা মাইনের সংস্পর্শে এসে বিস্ফোরিত হয়েছে।

আইআরজিসি ঘোষণা দিয়েছে, ‘হরমুজ প্রণালি এখন বন্ধ।’ পাশাপাশি তারা সতর্ক করে বলেছে, ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে এই কৌশলগত জলপথ অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোতে আগুন ধরে যাওয়ার ঝুঁকি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights