সাত বছর পর ভারতকে বিশাল ব্যবধানে হারাল নিউজিল্যান্ড
অনলাইন ডেস্ক
অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে ২০১৯ সালের পর প্রথমবারের মতো নিজেদের মাটিতে সফরকারীদের বিপক্ষে জয় পেল কিউইরা। একই সঙ্গে চলমান টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল স্বাগতিকরা।
এদিন ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ইনিংসের শুরুতেই টিম সাইফার্টকে হারালেও, নিউজিল্যান্ড এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে। ফিন অ্যালেন এবং ড্যারিল মিচেল দলকে দ্রুত গতিতে এগিয়ে নেন। পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৬৭ রান। এরপর চার নম্বরে ব্যাট করতে নেমে গ্লেন ফিলিপস ৪৯ বলে ১০৭ রান করেন, যার মধ্যে ছিল ৬টি চার ও ১০টি ছক্কা।
মাইকেল ব্রেসওয়েল মাত্র ২৫ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলের সংগ্রহকে আরও বড় করেন। ফলে ২০ ওভারে নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ২৫৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। এটি তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং ভারতের বিপক্ষে কোনো প্রতিপক্ষের সর্বোচ্চ রান।
বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ৪ রান করে সাজঘরে ফেরেন সঞ্জু স্যামসন। অপর ওপেনার অভিষেক শর্মা ভালো শুরু পেলেও আগের ম্যাচের মতো বড় ইনিংস খেলতে পারেননি, ২৭ রান করেই তাকে আউট হতে হয়। দলের অন্য ব্যাটাররাও উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে ব্যর্থ হন। তিলক ভার্মা ৩৫ রান করলেও তা কাজে আসেনি। নামান ধির ১৩ বলে ২৮ রান করে দ্রুত কিছু রান যোগ করলেও, শেষ পর্যন্ত নির্ধারিত ওভার ৯ উইকেট হারিয়ে ১৭২ রানে শেষ হয় ভারতের ইনিংস। কিউই বোলার জ্যাকব ডাফি ২৩ রানে নেন ৪ উইকেট।
