ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন চলে গেল ২ কিলোমিটার
অনলাইন ডেস্ক
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগির সংযোগ বিচ্ছিন্ন হয়। সঙ্গে থাকা ৩ বগি নিয়ে ইঞ্জিন ২ কিলোমিটার সামনে চলে যায়।
এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। পরে মেরামত ও সংযুক্তির কাজ শেষে বিকfল সাড়ে 4টার দিকে ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনটির ইঞ্জিনের সঙ্গে থাকা ক, গ ও ঘ নম্বর বগির সঙ্গে পেছনের বগিগুলোর সংযোগকারী হুক ভেঙে যায়। ইঞ্জিনের সঙ্গে থাকা তিনটি বগি নিয়ে ট্রেনটি প্রায় দুই কিলোমিটার সামনে চলে যায়।
ওসি আরও জানান, বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেনটি থামান। পরে পেছনের দিকে নিয়ে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে নেওয়া হয়। ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের প্রচেষ্টায় বিকাল সাড়ে ৪টার দিকে বগিগুলো পুনরায় সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
