রাইজিং স্টার এশিয়া কাপের দল ঘোষণা ভারতের, নেতৃত্বে তিলক ভার্মা
অনলাইন ডেস্ক
আসন্ন এসিসি রাইজিং স্টার এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। এই দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের একাধিক পরিচিত মুখ। তরুণ অলরাউন্ডার তিলক ভার্মাকে অধিনায়ক করা হয়েছে। তার সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রজত পাতিদার। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।
আগামী ১৯ নভেম্বর কাতারের দোহায় শুরু হবে রাইজিং স্টার এশিয়া কাপ। এবারের আসর অনুষ্ঠিত হবে ৫০ ওভারের ফরম্যাটে। গত বছর টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। সেবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।
ভারতের ঘোষিত দলে ব্যাটিং বিভাগে রয়েছেন তারকা ওপেনার অভিষেক শর্মা, তরুণ বিস্ময় বৈভব সূর্যবংশী ও আইপিএলে ধারাবাহিক পারফরমার প্রভসিমরন সিং। উইকেটকিপার হিসেবে থাকছেন প্রভসিমরন ও কুমার কুশাগ্র। মাঝের সারিতে তিলক ভার্মা, রজত পাতিদার ও রিঙ্কু সিংয়ের মতো কার্যকর ব্যাটারদের ওপর ভরসা রেখেছে ভারত।
দলে জায়গা পেয়েছেন পেসার হর্ষিত রানাও। চলতি বছর চোটের কারণে বেশ ভুগতে হয়েছে তাঁকে। এই টুর্নামেন্টের মাধ্যমে নিজের সামর্থ্য প্রমাণ করে জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে ফেরার সুযোগ তৈরি করতে চান তিনি। পেস বিভাগে তাঁর সঙ্গে রয়েছেন আরশাদ খান ও প্রিন্স যাদব।
স্পিন বিভাগেও শক্তিশালী দল গড়েছে ভারত। ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে হর্ষ দুবে, শাহবাজ আহমেদ, বিপ্রজ নিগম ও তনুশ কোটিয়ানকে। গত বছরের দল থেকে এবারও জায়গা ধরে রেখেছেন বৈভব সূর্যবংশী, সূর্যাংশ শেডগে ও হর্ষ দুবে।
রাইজিং স্টার এশিয়া কাপে ভারত রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
২০ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে ভারত ‘এ’ দল। এরপর ২২ নভেম্বর পাকিস্তান ‘এ’ এবং ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে তারা। গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে।
ভারত ‘এ’ দলের ১৫ সদস্যের স্কোয়াড
অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং (উইকেটকিপার), তিলক ভার্মা (অধিনায়ক), রজত পাতিদার (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, কুমার কুশাগ্র (উইকেটকিপার), সূর্যাংশ শেডগে, শাহবাজ আহমেদ, বিপ্রজ নিগম, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, হর্ষিত রানা, প্রিন্স যাদব ও আরশাদ খান।
