ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসচাপায় জুঁথি আক্তার (২২) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন জুঁথি আক্তারের স্বামী জাকির হোসেন ও দেড় বছর বয়সী শিশু জায়ান আহমেদ। মঙ্গলবার বিকেল প্রায় ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুঁথি আক্তার জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. হুমায়ুন মিয়ার মেয়ে। সে স্বামী সন্তান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিও অফিস এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা টি.এ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পীরবাড়ি এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা জুঁথি আক্তার ও ও তার স্বামী সন্তান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুঁথি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ব্যাপক ভাঙচুর চালায়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। নিহত ওই যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights