গোপালগঞ্জে নৈরাজ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে গতকাল কর্মসূচি পালনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা। নৈরাজ্য সৃষ্টিকারীরা গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগও ঘটায়। বিক্ষোভের সময় অনেকের কাছে দা-রামদার মতো দেশীয় অস্ত্র ও লগি-বৈঠা দেখা গেছে।

একপর্যায়ে বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে তালা খুলে দেয়। এ ছাড়া পুলিশের একটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কলেজের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ সরকারি কলেজ রাখা হয়েছে।

বিক্ষোভের একপর্যায়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেওয়া হয়েছে। বিক্ষোভের যেসব ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে শহরজুড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে। পরে পুলিশ ও বিজেপি তাদের হটিয়ে দেয়।

এদিকে বিকালে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেয়। বিক্ষোভ মিছিলের সময় তারা তিন বিএনপি সমর্থিত ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর এক যুবদল নেতার অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা জসিম শেখের বাড়িতে ভাঙচুর করে। গোপালগঞ্জের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিবি যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জানমাল নিশ্চিত রাখা এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি থেকে প্রায় ১৫০ জনের মতো সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় বজায় রেখে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্পিত দায়িত্ব পালন করবে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে তিনি দাবি করেন।

তবে পুলিশ দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঢাকা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান গতকাল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপালগঞ্জের নিরাপত্তায় পুলিশের ১৩৫০ জন অফিসারসহ পুলিশ সদস্য নিয়োজিত ছিল। গোপালগঞ্জের ৬৭ কিলো ন্যাশনাল হাইওয়েতে পর্যাপ্ত মোবাইল প্যাট্রলসহ টহল মোতায়েন ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত ছিল। গোপালগঞ্জ সদর ছাড়াও চারটি উপজেলায় আমাদের পর্যাপ্ত পুলিশ জনসাধারণের নিরাপত্তায় নিয়োজিত থাকে। তিনি দাবি করেন, গোপালগঞ্জ শহরে পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকায় বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা পেয়েছে। আগামীতে জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষায় যা যা করণীয় তা করবে পুলিশ।

তিন থানার ওসি বদলি : বদলি হওয়া কর্মকর্তারা হলেন, টঙ্গীপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালিপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights