কালীগঞ্জ বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোলবোমা সাদৃশ্য বস্তু নিক্ষেপ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে রেল স্টেশনে দুর্বৃত্তরা তিনটি পেট্রোলবোমা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার বারবাজার রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
বারবাজার রেল স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত ৩টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা অফিস রুমের দরজায় দুটি ও মালামাল রাখার বাক্সে একটি পেট্রোলবোমা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে পালিয়ে যান। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। অফিস রুমের দরজা বন্ধ থাকায় ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তরা তিনটি পেট্রোলবোমা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
