জলবায়ু পরিবর্তনে বাড়ছে অপরিণত শিশুর জন্ম

নিজস্ব প্রতিবেদক

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশে তীব্র তাপপ্রবাহের সময় অতিরিক্ত প্রায় ১ হাজার ৫০০ অপরিণত শিশুর জন্ম হয়েছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা জিরো কার্বন অ্যানালিটিকসের (জেডসিএ) এক নতুন বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। জলবায়ু পরিবর্তন ও জ্বালানি রূপান্তর বিষয়ে গবেষণা ও বিশ্লেষণ করে থাকে সংস্থাটি।

গবেষণায় বলা হয়েছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অতিরিক্ত উষ্ণতা না থাকলে ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশে ১ হাজার ৪৭৯টি অপরিণত শিশুর জন্ম হতো না। বিশ্ব আবহাওয়া বৈশিষ্ট্য নিরূপণবিষয়ক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ) জানিয়েছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ওই তাপপ্রবাহের ঘটনা ঘটার সম্ভাবনা প্রায় ৪৫ গুণ বেড়ে গিয়েছিল।

গবেষণায় বলা হয়েছে, ওই মাসে অপরিণত শিশুর জন্মের হার বেড়েছিল ১১ দশমিক ৯ শতাংশ। প্রতি ১ হাজার জন্মে অতিরিক্ত প্রায় ১৯টি অপরিণত শিশুর জন্ম হয়েছে। গবেষণায় অন্তর্ভুক্ত তিনটি দেশের মধ্যে বাংলাদেশেই এই হার ছিল সর্বোচ্চ। গবেষণার ফলাফল বলছে, জলবায়ু পরিবর্তনজনিত তীব্র তাপপ্রবাহ মা ও নবজাতকের স্বাস্থ্যের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠছে। এমনিতেই বিশ্বে অপরিণত শিশু জন্মের হার সবচেয়ে বেশি যেসব দেশে, বাংলাদেশ তার অন্যতম। ২০২০ সালে বাংলাদেশে অপরিণত শিশু জন্মের হার ছিল আনুমানিক ১৬ দশমিক ২ শতাংশ, যা বিশ্বের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় অপরিণত শিশু জন্মের গড় হার ছিল ১৩ দশমিক ২ শতাংশ। গর্ভাবস্থার ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে শিশুর জন্ম হলে তাকে অপরিণত জন্ম বা প্রি-টার্ম বার্থ বলা হয়। বিশ্বব্যাপী নবজাতকের মৃত্যুর প্রধান কারণ অপরিণত জন্ম। সময়ের আগে জন্ম নেওয়া শিশুর মৃত্যুঝুঁকি বেশি থাকে। এ ছাড়া শারীরিক বৃদ্ধি, স্নায়বিক বিকাশ এবং দীর্ঘমেয়াদি আর্থ-সামাজিক নানা জটিলতার ঝুঁকিও থাকে এসব শিশুর। গবেষণায় দেখা গেছে, তীব্র তাপপ্রবাহের প্রভাব দেশের সব অঞ্চলে সমান ছিল না। তবে গবেষণায় বিশেষ উদ্বেগের জায়গা হিসেবে উঠে এসেছে ময়মনসিংহ বিভাগ। ওই বছরের এপ্রিলে ময়মনসিংহে তাপমাত্রা বিভাগের স্বাভাবিক এপ্রিল মাসের গড় তাপমাত্রার চেয়ে ৩ দশমিক ৫৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। দেশের আট বিভাগের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ছিল এখানে সবচেয়ে বেশি। গবেষণায় বলা হয়েছে, দেশের প্রতিটি বিভাগেই অপরিণত শিশু জন্মের ঝুঁকি আনুমানিক ১০ থেকে ১৫ শতাংশ বেড়েছিল। প্রতি ১ হাজার জন্মে অতিরিক্ত অপরিণত শিশুর জন্মের হার সবচেয়ে বেশি ছিল ময়মনসিংহে। সেখানে প্রতি ১ হাজার জন্মে অতিরিক্ত ২৪টি অপরিণত শিশুর জন্ম হয়েছে। অন্যদিকে মোট অতিরিক্ত অপরিণত শিশুর সংখ্যার হিসেবে ময়মনসিংহের অবস্থান ছিল আট বিভাগের মধ্যে ষষ্ঠ। সিলেটে এ হার ছিল সবচেয়ে কম। সেখানে প্রতি ১ হাজার জন্মে অতিরিক্ত ১৬টি অপরিণত শিশুর জন্ম হয়েছে। গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকলে বাংলাদেশে তাপপ্রবাহের কারণে অপরিণত শিশু জন্মের ঝুঁকি আরও বাড়বে। সম্ভাব্য অতিরিক্ত অপরিণত শিশুর সংখ্যা ৬৩০ থেকে ২ হাজার ৯০০ পর্যন্ত হতে পারে। গবেষণায় বলা হয়েছে, মধ্য শতাব্দীতে এপ্রিলে তাপমাত্রা আনুমানিক ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ সময়ে সবচেয়ে বেশি অতিরিক্ত অপরিণত শিশুর জন্মের ঝুঁকি থাকবে ঢাকা বিভাগে। এরপর থাকবে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights