অস্বাস্থ্যকর খাবারে ঝুঁকিতে পর্যটক
হাসানুর রশীদ, কক্সবাজার
কোথাও অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি হচ্ছিল খাবার, কোথাও পচা ও বাসি খাবার যত্রতত্র সংরক্ষণ করা হচ্ছিল। কাঁচা ও রান্না করা খাবার রাখা হচ্ছিল একসঙ্গে। কোথাও খাবার তৈরির স্থানে শুয়ে ছিল বিড়াল, আবার কোথাও খাবারের মধ্যেই পাওয়া গেছে তেলাপোকা। পর্যটননগরী কক্সবাজার শহরের কয়েকটি হোটেল, সুপারশপ, বেকারি ও রেস্তোরাঁয় সম্প্রতি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উঠে এসেছে এ ভয়াবহ চিত্র। এতে কক্সবাজার ভ্রমণে আসা দেশিবিদেশি পর্যটকদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি সামনে এসেছে। স্বাস্থ্যকর খাবার নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংস্থার তরফে নিয়মিত নজরদারির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার সিটিজেন রাইটস ফোরামের সভাপতি নাছির উদ্দিন বলেন, শুধু মৌসুমের শুরুতে দুয়েকটি অভিযানের মাধ্যমে পুরো শহরের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য নিয়মিত নজরদারি প্রয়োজন।
কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির তথ্যমতে, কক্সবাজারে ছোটবড় মিলিয়ে পাঁচ শর অধিক হোটেল-রেস্তোরাঁ রয়েছে। এ ছাড়া হোটেল মোটেল জোনে ভ্রাম্যমাণ দোকানও আছে অনেক।
মৌসুম শুরু হতেই পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজার শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক, ফুটপাত ও অভিজাত বিপণিবিতানে গড়ে উঠছে একের পর এক খাবারের দোকান। বাহারি নাম, আকর্ষণীয় সাজসজ্জা আর লোভনীয় খাবারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এসব দোকানে ভাজাপোড়া ও তৈলাক্ত খাবার, বেকারি পণ্য থেকে শুরু করে নানা ধরনের মুখরোচক খাবার বিক্রি হচ্ছে দেদার। কিন্তু এসব খাবার কতটা নিরাপদ, কী পরিবেশে তৈরি হচ্ছে-এসব প্রশ্নের উত্তর অধিকাংশ ভোক্তারই অজানা। খাদ্যের মান নিয়ে অজানা আতঙ্কও আছে তাদের। গত ১৪ নভেম্বর বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের কয়েকটি হোটেল, সুপারশপ, বেকারি ও রেস্তোরাঁয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের সংক্ষিপ্ত অভিযানে তাদের আতঙ্কের বিষয়টি সত্যি হয়ে উঠে আসে। বিশুদ্ধ খাদ্য আদালত, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াসউদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার সংরক্ষণ এবং খাদ্য স্থাপনায় কীটপতঙ্গের উপস্থিতি পাওয়া যায়। বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের (বিএফএসএ) জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য জানান, রেস্তোরাঁ ও খাদ্যপ্রতিষ্ঠানগুলোতে খাদ্যনিরাপত্তা আইন মানা হচ্ছে কি না, তা যাচাই করতে ‘পিওর ফুড কোর্ট’ ব্যবস্থার আওতায় ওই সংক্ষিপ্ত বিচারিক অভিযান চালানো হয়। ভোক্তা ও পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তবে পর্যটকদেরও খাবার গ্রহণের ক্ষেত্রে সচেতন থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো জরুরি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াস উদ্দিন জানান, জনস্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। বড় প্রতিষ্ঠান হলেও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার সুযোগ নেই। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওই অভিযানের পরপরই কক্সবাজারের স্থানীয় হোটেল-রেস্তোরাঁ ও বেকারি ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযানের নামে হয়রানি করা হচ্ছে দাবি করে বিক্ষোভও করেন তারা। কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বলেন, ‘আমরাও জরিমানার পক্ষে, কিন্তু জরিমানা করার আগে সংশ্লিষ্ট সকলকে প্রশিক্ষণের আওতায় আনা হোক এবং জরিমানা সহনীয় পর্যায়ে করা হোক। প্রথমে সতর্ক করা যেত। দোকান মালিক ফেডারেশন ও রেস্তোরাঁ মালিক সমিতি যৌথ সভা করে ধর্মঘটে যাওয়ার চিন্তাভাবনা করছি।’
