পুতিনের হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রিমিয়ার কার্চ সেতুতে চলতি সপ্তাহে ইউক্রেনের তৃতীয় দফার হামলার পর এর ‘বেদনাদায়ক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট এই কঠোর বার্তা দেন।
সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন দাবি করেন, কার্চ সড়ক সেতুটি ধ্বংস হওয়ার আগ পর্যন্ত তিনি স্থানীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টি বিবেচনা করছিলেন। তবে এই হামলার পর আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে বলে তিনি সাফ জানিয়ে দেন। সেতুটি কেবল বেসামরিক নাগরিকরাই ব্যবহার করতেন বলে উল্লেখ করে পুতিন বলেন, ক্রিমিয়ান সেতুতে হামলার পর আমরা আর কোনো আলোচনায় বসব না। আমরা এই হামলার জবাব দেব। সেতুতে কিয়েভের হামলার চেয়ে আমাদের জবাব হবে অনেক বেশি বেদনাদায়ক।
পুতিনের এই হুঁশিয়ারির মধ্যেই গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিভিন্ন খবরে জানা গেছে, কিয়েভে অবস্থিত ডাচ দূতাবাসের কাছে একটি রুশ ড্রোন আঘাত হেনেছে। তবে দূতাবাসটি উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।
গত মঙ্গলবার মধ্যরাতের পরপরই ইউক্রেনের সামরিক বাহিনী এক জটিল বিমান হামলা চালিয়ে কার্চ সড়ক সেতুর মূল অংশ বা সেন্ট্রাল স্প্যান উড়িয়ে দেয়। এই অভিযানে ইউক্রেনের নিজস্ব তৈরি বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাশাপাশি একটি ডাচ কোম্পানির তৈরি ‘রুটা’ ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছিল।
সূত্র: দ্য গার্ডিয়ান
