‘মেয়ের তুলনায় আমার জ্ঞান শূন্য’

অনলাইন ডেস্ক

বলিউডে অভিনয়দক্ষতার জন্য আলাদা পরিচিতি রয়েছে অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকীর। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তোলার অসাধারণ ক্ষমতায় মুগ্ধ হয়েছেন অসংখ্য দর্শক। অথচ সেই অভিনেতাই বলছেন, অভিনয় সম্পর্কে তার চেয়েও বেশি জানে মেয়ে। সম্প্রতি ১৬ বছর বয়সী মেয়ে শোরা সিদ্দিকীর প্রতিভা ও সিনেমা সম্পর্কে জানাশোনার প্রশংসা করে এমন মন্তব্য করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দীন বলেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অনেক বেশি বুদ্ধিমান ও আত্মবিশ্বাসী। বিশেষ করে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের চিন্তাভাবনা এবং পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি তাকে মুগ্ধ করে। তাদের সামনে এখন পুরো পৃথিবী উন্মুক্ত। ফলে নানা ধরনের সুযোগ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে তারা।

নিজের শৈশবের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা টেনে অভিনেতা বলেন, তাদের সময়ে সন্তানরা বাবা-মায়ের সামনে খুব একটা প্রশ্ন করার সাহস পেত না। এমনকি তাদের চোখে চোখ রেখে কথা বলাও ছিল কঠিন। কিন্তু এখনকার ছেলেমেয়েরা নিজেদের মতামত সরাসরি প্রকাশ করতে পারে এবং যেকোনো বিষয়ে প্রশ্ন করতে দ্বিধা করে না।

নতুন প্রজন্মের সিনেমা দেখার অভ্যাসও বিশেষভাবে নজর কেড়েছে নওয়াজউদ্দীনের। তার মতে, এখনকার তরুণেরা শুধু দেশের সিনেমার মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র দেখার সুযোগ পাচ্ছে তারা। ফলে অভিনয়, নির্মাণশৈলী ও চলচ্চিত্রের নানা দিক সম্পর্কে তাদের জানাশোনাও বাড়ছে।

এ প্রসঙ্গে নিজের মেয়ে শোরার উদাহরণ টেনে নওয়াজউদ্দীন জানান, গত তিন-চার বছরে শোরা বিশ্বের বিভিন্ন দেশের যত সিনেমা দেখেছে, তিনি নিজেও হয়তো তত ছবি দেখেননি। বিশেষ করে অভিনয় সম্পর্কে মেয়ের জ্ঞান তাকে অবাক করেছে।

অভিনেতা জানান, মেয়ের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বুঝতে পেরেছেন, অভিনয় নিয়ে তার ভাবনা ও জানাশোনা অনেক গভীর। আন্তর্জাতিক চলচ্চিত্র দেখার অভিজ্ঞতাও তার অনেক বেশি। তাই নতুন প্রজন্মকে কখনোই কম গুরুত্ব দেওয়া উচিত নয় বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, বাবার মতো অভিনয়ের প্রতি আগ্রহ রয়েছে শোরারও। নওয়াজউদ্দীনের সঙ্গে ‘নকাব’ নাটকে মঞ্চে অভিনয়ের মাধ্যমে তার অভিনয়জগতে হাতেখড়ি হয়েছে। শুধু তাই নয়, বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রের নয়টি শহরে নাটকটি মঞ্চস্থ করার অভিজ্ঞতাও হয়েছে তার। মেয়ের অভিনয়ের প্রতি আগ্রহ এবং চলচ্চিত্র সম্পর্কে জানার কৌতূহল দেখে বেশ আনন্দিত নওয়াজউদ্দীন।

কাজের ক্ষেত্রে সম্প্রতি ‘রাত আকেলি হ্যায়: দ্য বনসল মার্ডার্স’ ছবিতে দেখা গেছে এই অভিনেতাকে। পাশাপাশি ‘থামা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। সামনে ‘তুম্বাড় ২’, ‘নুরানি চেহরা’, ‘সঙ্গীন’ ও ‘সেকশন ১০৮’-এর মতো সিনেমায় দেখা যাবে তাকে। তবে কাজের ব্যস্ততার মাঝেও মেয়ের প্রতিভা নিয়ে নওয়াজউদ্দীনের এমন উচ্ছ্বাস এখন আলোচনায়।

সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights