মালয়েশিয়ার চাকরি ছেড়ে হাঁসের খামার, ভাগ্য বদলেছে মাজেদুলের
ঝিনাইদহ প্রতিনিধি
বিদেশে ভালো বেতনের চাকরি ছেড়ে দেশে ফিরে হাঁসের খামার গড়ে স্বাবলম্বী হয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামের তরুণ উদ্যোক্তা মাজেদুল ইসলাম। আত্মবিশ্বাস, পরিশ্রম ও পরিকল্পনার মাধ্যমে গড়ে তোলা তার খামার এখন এলাকার বেকার তরুণদের অনুপ্রেরণা জোগাচ্ছে।
ভাগ্য পরিবর্তনের আশায় দুই বছর মালয়েশিয়ায় ছিলেন মাজেদুল। প্রবাসে থাকতেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন তিনি। দেশে ফিরে বিভিন্ন খামারি ও উদ্যোক্তার কাছ থেকে পরামর্শ নেন। এরপর গত বছরের শুরুতে নিজ গ্রামের খালের পাড়ে ১০ কাঠা জমি ইজারা নিয়ে হাঁসের খামার গড়ে তোলেন।
শুরুতে ক্যাম্বেল জাতের ৬০০টি হাঁসের বাচ্চা দিয়ে খামারের যাত্রা শুরু করেন। বর্তমানে তাঁর খামারে ছোট-বড় মিলিয়ে প্রায় ১ হাজার ৭০০ হাঁস রয়েছে। এর মধ্যে প্রায় ৪০০টি ডিমপাড়া হাঁস থেকে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০টি ডিম পাওয়া যায়। এসব ডিম স্থানীয় ক্রেতাদের পাশাপাশি শহরের বাজারেও বিক্রি করেন তিনি।
মাজেদুল জানান, ডিম বিক্রি করে সপ্তাহে গড়ে ২০ হাজার টাকা আয় হয়। সব খরচ বাদ দিয়ে মাসে তার নিট আয় ৫০ থেকে ৫৫ হাজার টাকা। ডিমের পাশাপাশি হাঁস বিক্রি করেও বাড়তি আয় হচ্ছে।
খামারের হাঁসের খাবার দেওয়া, টিকাদান ও পরিচর্যার কাজ নিজেই করেন মাজেদুল। তাকে সহযোগিতা করার জন্য একজন কর্মচারীও রেখেছেন। খালের পানিতে হাঁস বিচরণ করায় প্রাকৃতিকভাবেও খাবার সংগ্রহের সুযোগ পাচ্ছে।
মাজেদুল ইসলাম বলেন, বিদেশ থেকে ফিরে অনেকে তাকে বাড়িঘর নির্মাণের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সে পথে না গিয়ে হাঁসের খামার গড়ে তোলার সিদ্ধান্ত নেন তিনি। শুরুতে অনেকে হাসি-ঠাট্টা করলেও লক্ষ্য থেকে সরে আসেননি। প্রবাসের আয়ের তুলনায় নিজের দেশে উদ্যোক্তা হিসেবে কাজ করার আনন্দ ও প্রশান্তি অনেক বেশি বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, হাঁস পালনে খাবার নির্বাচন, টিকাদান ও পরিচর্যাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রয়োজন। সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে অনেক তরুণ এ পেশায় এগিয়ে আসবেন।
স্থানীয় কয়েকজন জানান, শুরুতে অনেকে মাজেদুলকে নিয়ে ঠাট্টা করলেও তার পরিশ্রম ও নিষ্ঠায় তিনি সফল হয়েছেন। তার উদ্যোগ এলাকার বেকার তরুণদের অনুপ্রাণিত করছে।
ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল বলেন, মাজেদুলের উদ্যোগ প্রশংসনীয়। প্রাণিসম্পদ খাতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। মাজেদুলের সঙ্গেও তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।
