পঞ্চগড়ে ২৫ উদ্যোক্তাকে মাসব্যাপী প্রশিক্ষণ দিলো বাংলাদেশ ব্যাংক

পঞ্চগড় প্রতিনিধি:

দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পঞ্চগড়ে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ১০০ ঘণ্টার এ প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে তেঁতুলিয়ার ইকো মহানন্দা কটেজে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি) কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসি এ প্রশিক্ষণের আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মাসুম বিল্লাহ ও আইয়ুব আলী, যমুনা ব্যাংকের রাজশাহী জোনের প্রধান মুহাম্মদ ফজলুল হকসহ ব্যাংকটির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ বলেন, দক্ষ, উদ্ভাবনী ও সম্ভাবনাময় উদ্যোক্তা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বাস্তব ব্যবসায়িক ক্ষেত্রে প্রয়োগ করে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শেষে ৮০তম রোড শোর অংশ হিসেবে প্রশিক্ষণার্থীদের নিয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্টে ফটোসেশন করা হয়। এর মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজক ও প্রশিক্ষণার্থীরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ এবং সহজলভ্য ঋণ প্রদানের সুযোগ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights