কক্সবাজারে তিন মাসব্যাপী ‘পর্যটন কার্নিভাল’ ট্রায়াল ওপেনিং

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা, দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা এবং পর্যটনশিল্পের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান বাড়ানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল-২০২৬’।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এ কার্নিভাল ঘিরে সৈকত এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এতে পর্যটকদের জন্য বিনোদন, দেশীয় পণ্যের প্রদর্শনী, শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে।

রবিবার বিকালে কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন ঝাউবাগানে আনুষ্ঠানিকভাবে এ কার্নিভালের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড. শামীম আরা স্বপ্না।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারে আসা পর্যটকদের বড় একটি অংশ সকালে সমুদ্রসৈকতে সময় কাটিয়ে গোসল ও আনন্দ-উল্লাস করেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সময় কাটানোর মতো পর্যাপ্ত বিনোদন ও সাংস্কৃতিক আয়োজন না থাকায় অনেক পর্যটক এক ঘেয়েমিতে ভোগেন। তিন মাসব্যাপী এ কার্নিভাল পর্যটকদের সেই সময়টুকু আনন্দময় করে তুলতে ভূমিকা রাখবে।

সংসদ সদস্য বলেন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকতসহ কক্সবাজারের যে বিপুল পর্যটন সম্ভাবনা রয়েছে, তা আন্তর্জাতিক অঙ্গনে আরও কার্যকরভাবে তুলে ধরতে হবে।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান শামীম উজ্জামান বলেন, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে পর্যটন কর্পোরেশন কক্সবাজারে সৈকত, উপল, প্রবাল ও লাবণী নামে চারটি ইউনিট পরিচালনা করে আসছে। তবে এসব স্থাপনাকে প্রত্যাশিত পর্যায়ে উন্নীত করা সম্ভব হয়নি। অন্যদিকে বেসরকারি উদ্যোক্তারা কক্সবাজারে আধুনিক হোটেল-মোটেল ও বিভিন্ন পর্যটনসেবা গড়ে তুলেছেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য, পাহাড়-পর্বত, নদ-নদী, বনাঞ্চল, নৃতাত্ত্বিক বৈচিত্র্য, সংস্কৃতি ও খাদ্যশিল্প আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে চায় পর্যটন কর্পোরেশন। এর মাধ্যমে পর্যটন শিল্পের অবদান বাড়ানোর পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আরও বলেন, ২০২৫ সালে বিশ্ব পর্যটন খাত থেকে আয় হয়েছে ১১ দশমিক ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বৈশ্বিক জিডিপির প্রায় ৯ দশমিক ৮ শতাংশ। এ খাতে সরাসরি কর্মসংস্থানে যুক্ত ছিলেন ৩৬ কোটি ৬০ লাখ মানুষ। অথচ বাংলাদেশের জিডিপিতে পর্যটনখাতের অবদান মাত্র ২ শতাংশ। এ বিশাল সম্ভাবনা কাজে লাগাতে হলে বাংলাদেশের পর্যটন আকর্ষণগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে পর্যটন কর্পোরেশনের পরিচালক গনী উল আজম বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কক্সবাজারের রয়েছে অসাধারণ সম্ভাবনা। তবে পর্যটন ব্যবস্থাপনায় দীর্ঘদিনের কিছু ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে কক্সবাজারকে প্রতিষ্ঠিত করতে এসব সীমাবদ্ধতা কাটিয়ে বিশ্বমানের পর্যটনসেবা ও ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।

গনী উল আজম আরও বলেন, প্রাথমিকভাবে সাত দিনের পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কার্নিভালকে আরও গোছানো, আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে তোলা হবে। কক্সবাজারে আগত পর্যটকদের আনন্দ, বিনোদন ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়োজকদের প্রত্যাশা, তিন মাসব্যাপী এ কার্নিভালের মাধ্যমে কক্সবাজারের পর্যটন কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে। একই সঙ্গে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে এবং পর্যটনকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তা, আয়োজক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights