বাজারে নকল জামদানি ও টাঙ্গাইল শাড়ি
শাহেদ আলী ইরশাদ
জিআই (ভৌগোলিক নির্দেশক) পরিচয় ব্যবহার করে নকল জামদানি ও টাঙ্গাইল শাড়ি বিক্রি বন্ধে কঠোর নজরদারির উদ্যোগ নিয়েছে সরকার। ঐতিহ্যবাহী এসব শাড়ির নামে যন্ত্রে তৈরি ও অননুমোদিত পণ্য বাজারজাত ঠেকাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিয়মিত যৌথ বাজার অভিযান পরিচালনার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে প্রকৃত উৎপাদক শনাক্তকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং জিআই লোগোর অপব্যবহার রোধে নতুন ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে।
দেশের নিবন্ধিত ৬৪টি জিআই পণ্যকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার উপযোগী ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে সরকারের প্রণীত ১৭ দফা রোডম্যাপে এসব সুপারিশ করা হয়েছে। গত ১৫ অক্টোবর ‘জিআই পণ্যের বাণিজ্যিকীকরণ : সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে সুপারিশগুলো উঠে আসে। পরে ৯ নভেম্বর শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) ১৬টি মন্ত্রণালয় ও সরকারি সংস্থার কাছে তা পাঠিয়ে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানায়।
রোডম্যাপে বলা হয়েছে, জামদানি ও টাঙ্গাইল শাড়ির মতো ঐতিহ্যবাহী জিআই পণ্যের পরিচয় ব্যবহার করে অননুমোদিতভাবে উৎপাদিত ও বাজারজাত করা পণ্য শনাক্তে নিয়মিত বাজার পরিদর্শন করতে হবে। পণ্যের গুণগত মান নিশ্চিত করতে উৎপাদক সমিতি বা বিশেষায়িত সংস্থা গঠনের প্রস্তাবও রয়েছে। প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমে নিরীক্ষা করা হবে। নির্ধারিত মান পূরণকারী পণ্যই কেবল জিআই লোগো ব্যবহারের অনুমতি পাবে।
নকল পণ্য প্রতিরোধে অনুমোদিত জিআই উৎপাদকদের একটি সরকারি ডেটাবেস তৈরির সুপারিশ করা হয়েছে। এ তালিকা সরকারি গেজেট বা ওয়েবসাইটে প্রকাশ করা হলে ক্রেতা ও ভোক্তারা সহজেই প্রকৃত উৎপাদক শনাক্ত করতে পারবেন। পাশাপাশি বর্তমানে জটিল ও অনেকাংশে ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত অনুমোদিত ব্যবহারকারী নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে অনলাইন ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে ডিপিডিটি।
পণ্যের সত্যতা যাচাইয়ে মোড়কে কিউআর কোড ব্যবহারে উৎপাদকদের উৎসাহিত করার কথা বলা হয়েছে। এর মাধ্যমে ক্রেতারা মোবাইল ফোনে কোড স্ক্যান করে পণ্যের উৎপাদক ও সত্যতা সম্পর্কে তথ্য জানতে পারবেন। এসব কার্যক্রম সমন্বয়ে শিল্প মন্ত্রণালয়ের অধীনে স্থায়ী জনবল নিয়ে একটি বিশেষায়িত জিআই ইউনিট গঠনের প্রস্তাবও রয়েছে।
এদিকে, পরীক্ষামূলক বাণিজ্যিকীকরণ প্রকল্পের জন্য টাঙ্গাইল শাড়িকে নির্বাচন করার সুপারিশ করা হয়েছে। এ প্রকল্পে পণ্যটির আইনি, একাডেমিক ও বাস্তবিক চ্যালেঞ্জ পর্যালোচনা করে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বা নির্দেশিকা তৈরি করা হবে। পরবর্তী সময়ে অন্যান্য জিআই পণ্যের বাণিজ্যিকীকরণেও এটি অনুসরণ করা যাবে।
শুধু দেশীয় বাজার নয়, আন্তর্জাতিক পর্যায়েও জামদানি ও টাঙ্গাইল শাড়ির স্বতন্ত্র পরিচয় সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী দেশগুলোতে বাংলাদেশের জিআই পণ্যের আইনি সুরক্ষা নিশ্চিত করতে ডিপিডিটি, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে জিআই পরিচয়ের অপব্যবহার কমবে এবং প্রকৃত তাঁতি ও উৎপাদকদের স্বার্থ সুরক্ষিত হবে। একই সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতপণ্যের বাজারমূল্য ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ানোর পথ তৈরি হবে।
