শূকরের কিডনি নিয়ে এক বছর বেঁচে নতুন মাইলফলক গড়লেন মার্কিন নারী
অনলাইন ডেস্ক
মানুষের শরীরে প্রতিস্থাপিত শূকরের কিডনি এক বছর ধরে সচল রয়েছে। যুক্তরাষ্ট্রের ৫৮ বছর বয়সী মলি ফ্যালকো জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে এক বছর পার করেছেন। চিকিৎসাবিজ্ঞানে এটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এ ধরনের কিডনি প্রতিস্থাপন করা রোগীদের মধ্যে সবচেয়ে বেশি সময় বেঁচে থাকার রেকর্ড মলির।
নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা মলির অস্ত্রোপচার হয় ২০২৫ সালের ২২ নভেম্বর ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে। জন্মগত জটিলতায় তাঁর কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিডনি বিকল হওয়ার পর ডায়ালাইসিসের ওপর নির্ভর করতে হচ্ছিল তাঁকে। শূকরের কিডনি প্রতিস্থাপনের পর প্রথম দিকে কিছু জটিলতা দেখা দিলেও ২০২৬ সালের ফেব্রুয়ারির পর তাঁকে আর হাসপাতালে ভর্তি হতে হয়নি।
চিকিৎসকেরা জানিয়েছেন, প্রতিস্থাপিত কিডনিটি রক্ত থেকে বর্জ্য পদার্থ অপসারণ, মূত্র তৈরি এবং শরীরে তরল ও খনিজ লবণের ভারসাম্য বজায় রাখার কাজ করছে। মলির চিকিৎসার দায়িত্বে থাকা ডা. লিওনার্দো রিয়েলা বলেন, এই সাফল্য প্রক্রিয়াটির কার্যকারিতা নিয়ে আত্মবিশ্বাস বাড়াচ্ছে। তবে এখনই চূড়ান্ত সাফল্য বলার সময় আসেনি।
মলির শরীরে প্রতিস্থাপিত কিডনিটি এসেছে জিনগতভাবে পরিবর্তিত একটি শূকর থেকে। অঙ্গটি মানবদেহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে শূকরটির জিনে ৬৯টি পরিবর্তন করা হয়েছিল। এর মধ্যে ৫৯টি পরিবর্তনের মাধ্যমে শূকরের রেট্রোভাইরাস নিষ্ক্রিয় করা হয়।
যুক্তরাষ্ট্রে প্রায় ৯০ হাজার মানুষ কিডনি প্রতিস্থাপনের অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। অঙ্গের সংকট মোকাবিলায় শূকরের অঙ্গ প্রতিস্থাপন নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে অঙ্গ প্রত্যাখ্যান, সংক্রমণ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ও চিকিৎসার ব্যয় নিয়ে উদ্বেগ রয়েছে।
আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ১০টি চিকিৎসাকেন্দ্রে ৩৩ রোগীর ওপর শূকরের কিডনি প্রতিস্থাপনের পরীক্ষামূলক প্রয়োগ শুরুর পরিকল্পনা রয়েছে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
